পাবনায় ৩ জনকে হত্যা
পাবনায় তিন ব্যক্তিকে কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। নিহতরা আওয়ামী লীগের সদস্য বলে স্থানীয় সংসদ সদস্য জানালেও এলাকাবাসী বলছে, তারা চরমপন্থি দলের সদস্য।
জেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে পুষ্পপাড়া বাজারে শনিবার রাত ৮টা ১৫ মিনিটের দিকে প্রকাশ্যে তাদের হত্যা করা হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।
নিহতরা হলেন- ধর্মগ্রামের কামাল হোসেনের ছেলে সুলতান মাহমুদ, একই গ্রামের আব্দুল মজিদের ছেলে ফজলুর রহমান ফজলু, পাশের পীরগাছা গ্রামের আফসার আলীর ছেলে আব্দুস সালাম।
আতাইকুলা থানার ওসি আকরাম আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা তিনজনই পুষ্পপাড়া বাজারে চায়ের দোকানে বসে ছিল।
“এ সময় একদল মুখোশ পরিহিত সন্ত্রাসীরা এসে অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে পালিয়ে যায়।”
রাজনৈতিক পরিচয় নিয়ে দুই তথ্য
পাবনা সদর আসনে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক খন্দকার প্রিন্স সাংবাদিকদের বলেন, নিহতরা তার দলের সদস্য।
এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দাও জানান তিনি।
তবে আতাইকুলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা আওয়ামী লীগের কেউ নয়। এলাকায় নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম করে বেড়াত।”
এলাকাবাসী জানায়, নিহত তিন ‘সন্ত্রাসী’ প্রকাশ্যে এলাকায় আওয়ামী লীগের কর্মী হিসেবে চলাফেরা করলেও তারা মূলত চরমপন্থি সংগঠনের আঞ্চলিক নেতা ছিলেন।
“তারা এলাকায় চাঁদাবাজি, খুন, ধর্ষণ, ছিনতাই রাহাজানির সঙ্গে জড়িত ছিল। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ ছিল। তবে ভয়ে কিছু বলতে পারত না, ” বলেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন।
তিনজনকে হত্যাকাণ্ডের পরপরই ঢাকা-পাবনা মহাসড়কের পুষ্পপাড়া বাজারের সব দোকান-পাট বন্ধ হয়ে যায়। ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
