চট্টগ্রামে মাদ্রাসা ছাত্র নিখোঁজ
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
শনিবার বিকালে ওই ছাত্র নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়ার পর পুলিশ তাকে উদ্ধারে অভিযান শুরু করেছে।
ওই ছাত্রের নাম আতাউল হাকিম জিগর (১৬)। তার বাবা মাওলানা ইউনুস শামীম বোয়ালখালী খরণদ্বীপ এলাকার একটি মাদ্রাসার অধ্যক্ষ। জিগর ওই মাদ্রাসা থেকে এবার দাখিল পরীক্ষা দিয়েছে।
চান্দগাঁও থানার ওসি আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৩টায় অটোরিকশা ভাড়া করতে বাসা থেকে বের হয় জিগর।
“এরপর সে আর বাসায় ফেরেনি। সন্ধ্যায় তার মোবাইল থেকে একটি এসএমএস আসে তার বাবার মোবাইলে। তাতে বলা হয়, সে রাঙ্গুনিয়া যাচ্ছে। তারপর থেকে জিগরের মোবাইল বন্ধ।”
ওসি আব্দুর রউফ বলেন, জিগরের মুঠোফোনটির শেষ অবস্থান চান্দাগাঁও এলাকাতেই ছিল বলে জানতে পেরেছি। তার খোঁজে অভিযান চলছে।
