২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরমালিন মেশাবেন না, ব্যবসায়ীদের সতর্ক করেছে পুলিশ

স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ফরমালিন খাদ্যপণ্যে না মেশাতে পুরান ঢাকার নয়া বাজারের ব্যবসায়ীদের সতর্ক করে পুলিশ বলছে, তাতে কাজ না হলে ভাম্যমাণ আদালতের অভিযান চালানো হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2014, 06:12 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের পুলিশের উদ্যোগে শনিবার নয়াবাজার পথসভা করে ফরমালিন এবং খাদ্যে ভেজাল না দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়।

উপকমিশনার মো. হারুন অর রশীদ সেখানে এক পথসভায় ফরমালিনের ক্ষতিকর দিক তুলে ধরেন। তখন নবাব ইউসুফ মার্কেট বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা বলেন, এখন থেকে তারা সবজি ও মাছে কোনো ধরনের ভেজাল দেবেন না।

বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল হাসান বলেন, “এখন সতর্কীকরণ হিসেবে ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছি। পরে ম্যাজিস্টেট এসে অভিযান চালাবে।”

নয়াবাজার এলাকায় মাদক বিক্রি বন্ধে স্থানীয়দের সহযোগিতা চান উপকমিশনার হারুন।

“কোনো পুলিশ অফিসার মাদক ব্যবসায় সঙ্গে জড়িত মনে হলে তা আমাকে জানাবেন।”

বংশাল থানার ওসি আব্দুল কুদ্দুস ফকির বলেন, নয়াবাজার এলাকার কিছু গলিতে ভাসমান মাদক বিক্রি হয় বলে এলাকাবাসী পুলিশকে জানায়। পুলিশও সব সময় ওইসব অলিগলিতে টহল দেয়।

তবে স্থায়ী কোনো মাদকের আখড়া এই এলাকায় নেই বলেন ওসি।