‘নারী চালক বাড়ানোর পরিকল্পনা চলছে’
সড়ক দুর্ঘটনা কমাতে নারী চালকের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মহাখালী আন্ত:জেলা বাস টার্মিনালে সচেতনতামূলক প্রচারণা চালানোর পর সাংবাদিকদের যোগাযোগমন্ত্রী বলেন, “মহিলা চালকরা শান্তশিষ্টভাবে মাথা ঠাণ্ডা রেখে গাড়ি চালান। ফলে মহিলা চালক বাড়িয়ে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব।
“এজন্য মহিলা চালক বাড়ানোর পরিকল্পনা চলছে।”
ওবায়দুল কাদের বলেন, “চালকদের নিবিড় প্রশিক্ষণের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। দুর্ঘটনা এড়াতে শুধু জনগণকে সচেতন করলেই চলবে না, চালককেও সচেতন করতে হবে।
“প্রতি সপ্তাহেই আমি জনসচেতনতা বৃদ্ধির জন্য নিজ থেকেই পরিদর্শনে বের হব।”
১১টা থেকে প্রায় আধঘন্টা মহাখালী আন্ত:জেলা বাস টার্মিনালে যাত্রী, চালক ও কন্ট্রাটকদের মধ্যে ছয়টি সতর্কতামূলক বিষয় নিয়ে লিফলেট বিলি করেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, “অবৈধ লাইসেন্সধারী মটর সাইকেল আরোহীদের প্রতিরোধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছে। তবে রাতারাতি সবকিছু সমাধান করা যাবে না। পরিকল্পনা অনুযায়ী এগোতে হবে।”
লিফলেট বিলির সময় যোগাযোগমন্ত্রীর সঙ্গে বিআরটিএ চেয়ারম্যান নজরুল ইসলাম ও পরিচালক (প্রশাসন) মাশিয়ার রহমানসহ শতাধিক কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
মহাখালী ছাড়াও শনিবার গাবতলী, সায়েদাবাদ ও প্রেসক্লাব এলাকায় এই সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
