২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে বাস খাদে, আহত ২০

নরসিংদী সদর উপজেলায় ঢাকাগামী একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2014, 03:51 PM

Updated : 13 Oct 2022, 12:09 PM

শনিবার বেলা ৩টার দিকে পুলিশ লাইনের কাছে ভৈরব থেকে ঢাকাগামী যাত্রীবাহী ওই বাসটি দুর্ঘটনায় পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বাসটি উদ্ধারের কাজ এবং স্থানীয়দের বিক্ষোভের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নরসিংদী প্রতিনিধি বাসের ২০ যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করতে দেখেছেন, যাদের মধ্যে ১১ জনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।  

তবে, চিকিৎসাধীন সবাই শঙ্কামুক্ত বলে জানান নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মিজানুর রহমান।

চিকিসাধীন যাত্রীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চলনবিল সার্ভিসের এ বাসটিতে ৪০ জন যাত্রী ছিলেন। প্রচণ্ড বৃষ্টির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়।

পরে নরসিংদী ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার কাজ চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ইনস্টিটিউট সংলগ্ন স্থানে বাস স্টপেজের দাবিতে মহাসড়ক অবরোধ দিলে যান চলাচল  বন্ধ হয়ে যায়। এতে রাস্তার দুদিকে কয়েকশ যানবাহন আটকে পড়ে।

প্রায় এক ঘণ্টা পর পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বভাবিক হয়।

নরসিংদী হাসপাতারে সিকিৎসাধীন রয়েছেন আনোয়ার হেসেন (৪০), আমির হামজা (২৪), বাদশা (১৮ ),  মনোয়ারা (৪০), বিল্লাল হেসেন (১১), এম এ মাহফুজ (১০) , তন্ময় হোসেন (৩০) , মমিনা আক্তার (৪০) আনোয়ারা বেগম (৪২), মনোয়ারা বেগম (৪৫) ও নাবিল (৭)।