২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ‘জমির বিরোধে খুন’, গৃহবধূ আটক

জমি নিয়ে বিরোধের জেরে জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় এক ব্যক্তি খুন হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2014, 04:36 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

শুক্রবার সকালে মালিরচর হাজিপাড়া ব্রিজের পাশে একটি পাটক্ষেতে আব্দুর রহমানের (৪৫) লাশ পাওয়া যায় বলে জানিয়েছেন বকশিগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান।

মৃত আব্দুর রহমান মালিরচর হাজিপাড়া গ্রামের মুনছর আলীর ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এক নারীকে আটক করেছে।

ওসি মোস্তাছিনুর রহমান বলেন, আব্দুর রহমানের সঙ্গে ছোট ভাই আবুল হোসেনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে একাধিক মামলা চলে আসছে। এ বিরোধের কারণে রহমান খুন হয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর থেকে আবুল হোসেন পলাতক রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী ফরিদা বেগমকে আটক করা হয়েছে।

শুক্রবার সকালে পাটক্ষেতে আব্দুর রহমানের মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওসি জানান, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হবে।