গাজীপুরে চাচাত ভাইয়ের কোপে প্রাণ গেল যুবকের
জমি নিয়ে বিরোধের জের ধরে গাজীপুরের কাপাসিয়ায় দুই চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবাও আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
নিহত মো. হুমায়ুন (৩৫) কাপাসিয়ার কান্দানিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
শুক্রবার সকালে নিজ বাড়ির কাছে তার উপর হামলা হয় বলে কাপাসিয়া থানার ওসি মো. আহসানুল্লাহ জানান।
তিনি বলেন, জমিজমা নিয়ে চাচা আব্দুল মালেকের সঙ্গে হুমায়ুনের পরিবারের বিরোধ ছিল।
“সকাল সাড়ে ১০টার দিকে ক্ষেত থেকে বাড়ি ফেরার পথে মালেকের ছেলে আমানুল্লাহ ও ছানাউল্লাহ ধারালো অস্ত্র দিয়ে হুমায়ুনকে কোপায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
এরপর মালেকের দুই ছেলে হুমায়ুনের বাড়ি গিয়ে তার বাবা নুরুল ইসলামকেও কুপিয়ে আহত করে বলে জানান তিনি।
ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা দা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
