ঢাবিতে বাংলাদেশ ব্যাংক গভর্নরকে সম্মানা
ব্যাংকিং খাতকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিশেষ অবদান জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানকে সম্মাননা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘মানবিক দৃষ্টিভঙ্গির রেগুলেটর’ হিসাবে গভর্নরকে যৌথভাবে সম্মাননা দেয় ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগ ও উন্নয়ন অধ্যয়ন বিভাগ।
অনুষ্ঠানে সভাপতি ছিলেন এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান। তিনি গভর্নর আতিউর রহমানকে গোল্ড মেডেল পরিয়ে দেন।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবাকে পৌঁছে দিতে কাজ করে চলেছেন আতিউর রহমান। তার বিভিন্ন উদ্যোগের ফলে সাধারণ ও প্রান্তিক মানুষ সমৃদ্ধি অর্জনের সুযোগ পাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ বলেন, মানবিক ব্যাংকিংয়ের চিন্তা করেছেন আতিউর রহমান। তিনি শিকড় থেকে শিখরে উঠেছেন, কিন্তু শিকড়ের কথা ভুলে যাননি।
সম্মাননা পেয়ে আতিউর রহমান বলেন, “আমার প্রিয় প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় যে সম্মাননা দিলো তা সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে আমাকে আরো সক্রিয়ভাবে নিবেদিত থাকার নিরন্তর প্রেরণা যোগাবে।”
অর্থনীতির ছাত্র ও গবেষক হিসেবে আমি বিশ্বাস করি, গরিব তথা সমাজের পিছিয়ে পড়া মানুষের ভাগ্যোন্নয়ন না করতে পারলে, অর্থনীতির মূল স্রোতে তাদের অন্তর্ভুক্ত করতে না পারলে অর্থনৈতিক মুক্তির স্বপ্ন, স্বপ্নই থেকে যাবে।”
বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক আবু ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরোও বক্তব্য দেন বিশিষ্ট ব্যাংকার খোন্দকার ইব্রাহিম খালেদ, ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ, উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নিয়াজ আহমেদ খানসহ অন্যান্যরা।
