‘ভুল বোঝাবুঝি’, মন্ত্রণালয়কেও জানালো চসিক
ভ্রাম্যমাণ আদালতে দণ্ড দেয়ার পরে কাউন্সিলরের মুক্তির ঘটনাটি ‘ভুল বোঝাবুঝি’ বলে স্থানীয় সরকার মন্ত্রণালয়কেও জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
আগের দিনের ঘটনায় বৃহস্পতিবার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পর্যায়ের এক কর্মকর্তা টেলিফোনে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সচিব রশিদ আহমদের কাছে এ বিষয়ে জানতে চান।
রশিদ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পত্র-পত্রিকায় ছাপা হওয়া প্রতিবেদনের উল্লেখ করে মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বুধবারের ঘটনা বিষয়ে জানতে চান।
“আমরা বলেছি, এটা শুধু ভুল বোঝাবুঝি। আর কিছু না।”
এবিষয়ে জানতে চসিকের ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিনের কাছেও টেলিফোনে মন্ত্রণালয় থেকে যোগাযোগ করা হয় বলে চসিকের এক কর্মকর্তা জানিয়েছেন।
শিরিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত দুই মাস টানা অভিযান চালিয়ে আমি ক্লান্ত। তাই আজ আমি ছুটিতে।”
মন্ত্রণালয় থেকে টেলিফোন করা হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আপনারা সবাই দেখেছেন। এ নিয়ে আর কিছু বলতে চাই না।”
বুধবার সকালে নগরীর চান্দাগাঁও টেকবাজার খালে অবৈধ স্থাপনা উচ্ছেদে গেলে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিনকে বাধা দেন বিএনপি সমর্থিত স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুল আলম।
এসময় কাজে বাধা দেয়া এবং সিটি করপোরেশনের মহিলা কর্মীদের গায়ে হাত তোলার অপরাধে কাউন্সিলরকে আটক করে দুই বছরের দণ্ডাদেশ দিয়ে চান্দগাঁও থানায় নিয়ে যান ম্যাজিস্ট্রেট।
পরে বেলা ৩টার দিকে করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলররা গিয়ে মাহবুবকে পুলিশি প্রহরায় নগর ভবনে নিয়ে আসেন।
এরপর বিএনপি সমর্থিত মেয়র মোহাম্মদ মনজুর আলমের কার্যালয়ে বৈঠক শেষে মুক্ত অবস্থায় বেরিয়ে যান কাউন্সিলর মাহবুবুল।
মেয়র মনজুর আলমও বুধবার বিকালে বলেছিলেন উচ্ছেদ অভিযান নিয়ে ‘ভুল বোঝাবুঝি’ হয়েছে।
