২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্রাম্যমাণ আদালতে দণ্ড, মেয়রের হস্তক্ষেপে মুক্ত

উচ্ছেদ অভিযানে বাধা দেয়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই বছর কারাদণ্ড ঘোষণার তিন ঘণ্টার মাথায় মেয়রের হস্তক্ষেপে মুক্ত হলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক কাউন্সিলর মাহবুবুল আলম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 07:01 PM

Updated : 13 Oct 2022, 12:09 PM

বিএনপি সমর্থক এই কাউন্সিলরকে বুধবার বেলা ১২টার দিকে কাজে বাধা দেয়া এবং সিটি করপোরেশনের নারী কর্মীদের গায়ে হাত তোলার অপরাধে ম্যাজিস্ট্রেট দুই বছরের কারাদণ্ড দিয়ে চান্দগাঁও থানায় নিয়ে আসেন।

এরপর বিকালে নগর ভবনে আধা ঘণ্টা ধরে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মেয়র এম মঞ্জুর আলম,  সেখানে আনা হয় কাউন্সিলর মাহবুবকেও।  

মাহবুব তার আচরণের জন্য দুঃখ প্রকাশ করা পর তাকে মুক্তি দেয়া হয় বলে বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জানান।বিকাল পৌনে ৪টার দিকে অন্য কাউন্সিলর ও সমর্থক পরিবেষ্টিত হয়ে বেরিয়ে আসেন মুক্ত মাহবুবুল।

মেয়র সাংবাদিকদের বলেন, পুরো ঘটনাটি ঘটে ‘ভুল বোঝাবুঝি’র কারণে। 

গত ১১ মে মৌসুমের প্রথম বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকা তলিয়ে যাবার পর জলাবদ্ধতা নিরসনে খালের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান জোরালো করে সিটি করপোরেশন।

এর মধ্যে মঙ্গলবার টেকপাড়া এলাকায় খালের অবৈধ দখল উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাধা দেন ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাহবুব। তার বাধায় ম্যাজিস্ট্রেটকে উচ্ছেদ না করেই ফিরতে হয়েছিল।

ওই এলাকায় বুধবারও সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন ভ্রাম্যমাণ আদালত নিয়ে গেলে তাতেও বাধ সাধেন এই কাউন্সিলর।

বেলা ১২টার দিকে কাজে বাধা দেয়া এবং সিটি কর্পোরেশনের নারী কর্মীদের গায়ে হাত তোলার অপরাধে মাহবুবকে দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়ে চান্দগাঁও থানায় নিয়ে আসেন ম্যাজিস্ট্রেট শিরিন।

এর মধ্যেই মাহবুব সমর্থকরা নগর ভবনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে। মেয়র মঞ্জুরসহ অন্য কাউন্সিলররাও তৎপর হয়ে ওঠেন।

বেলা ৩টার দিকে ওয়ার্ড কাউন্সিলররা থানায় গিয়ে মাহবুবকে পুলিশ পাহারায় আন্দরকিল্লার নগর ভবনে নিয়ে আসেন।

সোয়া ৩টার দিকে মেয়রের কক্ষে বৈঠক শুরু হয়, এতে মাহবুবের পাশাপাশি ম্যাজিস্ট্রেট শিরিনও ছিলেন।

বৈঠক শেষে মেয়র মঞ্জুর সাংবাদিকদের বলেন, “নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনো সাজার আদেশ দেননি। ম্যাজিস্ট্রেট মহোদয়ের উপস্থিতিতে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।”

ম্যাজিস্ট্রেট শিরিন এসময় সাংবাদিকদের বলেন, “দুই বছরের সাজার বিষয়টি সাংবাদিকদের বলেছি। এ বিষয়ে মেয়র সাহেব এবং নির্বাহী কর্মকর্তা জানেন।”

সিটি মেয়র বলেন,“গতকাল (মঙ্গলবার) উচ্ছেদ কার্যক্রমের সময় ভুল বোঝাবুঝি হয়েছে। আজকেও একই অবস্থা, যেটি থানা অব্দি গেছে। ম্যাজিস্ট্রেট এখানে এসে ব্রিফ করেছেন। ভবিষ্যতে জলাবদ্ধতা নিরসনে আমরা একযোগে কাজ করব।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “উনি (ম্যাজিস্ট্রেট) একবারও সাজার কথা বলেননি। আমাদের এখানে (বৈঠকে) এ বিষয়ে কথা হয়নি।

“ওয়ার্ড কাউন্সিলরকে আটকের বিষয়টি ভুল বোঝাবুঝি। এটি সমাধান করা হয়েছে।”

ম্যাজিস্ট্রেট শিরিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “উচ্ছেদে বাধা দেয়ায় অন দ্য স্পট সাজা দিয়েছিলাম। কিন্তু তাৎক্ষণিকভাবে স্যারকে (মেয়র) জানানো হয়নি। সাজার প্রসেসটা কমপ্লিট করতে পারিনি।”

মেয়রের কক্ষে হওয়া বৈঠকে কাউন্সিলর মাহবুব পুরো ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন জানিয়ে তিনি বলেন,“এখন বিষয়টি মেয়র সাহেব ও প্রধান নির্বাহী কর্মকর্তা দেখছেন।”

চান্দগাঁওয়ের টেকপাড়াসহ নগরীর বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ম্যাজিস্ট্রেট শিরিন।