জামালপুরে ঝড়ে ঘরহারাদের জন্য ত্রাণ অপ্রতুল
জামালপুরের বকশিগঞ্জ উপজেলার সারমারা ও গোপালপুর এলাকার উপর বুধবারের ঝড়ে ক্ষতিগ্রস্ত তিন শতাধিক পরিবার খোলা আকাশের নিচে বাস করছে।
ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাওয়া গ্রামের লোকজনের মাঝে সরকারি ত্রাণ তৎপরতা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানানো হয়েছে।
ক্ষতিগ্রস্ত লোকজনের মাঝে বৃহস্পতিবার জামালপুর ১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ ব্যক্তিগতভাবে নগদ ২ লাখ টাকা বিতরণ করেন।
এ সময় তিনি ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ বৃহস্পতিবার ক্ষতিগ্রস্তদের মাঝে ৫ লাখ টাকা প্রদান করেন।
বুধবার সকালে প্রচণ্ড বেগে আঘাত হানা কালবৈশাখী ঝড়ে বকশিগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা ও গোপালপুর গ্রামের ৩ শতাধিক পরিবার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে ঘর চাপা পড়ে নিহত হয় ৩ জন।
