চট্টগ্রামে শান্তিরক্ষী দিবস পালিত
চট্টগ্রামে বিভিন্ন আয়োজনে আর্ন্তজাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে নগরীর এম এ আজিজ সংলগ্ন জিমনেসিয়াম মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে সেনাবহিনীর ২৪ পদাতিক ডিভিশন।
এতে সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনী থেকে জাতিসংঘ শান্তি রক্ষী মিশনে যোগ দেয়া বর্তমান ও সাবেক সদস্য ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
স্বাগত বক্তব্যে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাব্বির আহমেদ বলেন, “জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সশস্ত্র ও পুলিশ বাহিনীর সদস্যরা কৃতিত্বের সাথে কাজ করছেন।”
পরে বেলুন উড়িয়ে শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত র্যালির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কে এম হাফিজ আক্তারসহ সামরিক ও পুলিশ বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা।
প্রতিবছর ঢাকায় শান্তিরক্ষী দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হলেও চট্টগ্রামে প্রথমবারের মতো এ দিবসটি পালন করা হলো।
সেনাবাহিনী সূত্র জানিয়েছে, জাতিসংঘের অধীনে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বর্তমানে ১৬ টি দেশে এক লাখ ১৬ হাজার ৫১৬ জন শান্তিরক্ষী কাজ করছেন। এরমধ্যে বাংলাদেশেরই আট হাজার ৮৪১ জন রয়েছেন।
তারা নয়টি দেশে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছেন।
১৯৮৮ সাল থেকে বাংলাদেশ শান্তিরক্ষী মিশনে সদস্য পাঠানো শুরু করে। এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ৫৪টি মিশনের মাধ্যমে এক লাখ ২৬ হাজার ৪৮৯ জন বিভিন্ন বাহিনীর সদস্য শান্তিরক্ষা মিশন সফলভাবে শেষ করেছেন।
মিশন শুরুর সময় থেকে এ পর্যন্ত ১১৮ জন শান্তি রক্ষী বিভিন্ন দেশে কাজ করতে গিয়ে জীবন দিয়েছেন বলে জানা গেছে।
