২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার ভুয়া মৃত্যুসনদে জামিন নেয়ার অভিযোগ

হত্যা ও মাদক মামলায় গ্রেপ্তার দুই আসামির বাবার ভুয়া মৃত্যুসনদ দেখিয়ে তাদের জামিন করিয়ে নেয়ার অভিযোগ উঠেছে যশোর আদালতের দুই আইনজীবীর বিরুদ্ধে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2014, 12:53 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

বিষয়টি জানার পর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোর্তজা মজুমদার ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে সংশ্লিষ্ট থানার ওসিদের নির্দেশ দিয়েছেন বলে ওই আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল কাদের আজাদ জানান।

এই দুই আইনজীবী হলেন-যশোর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফুর ও রুহিন বালুচ।

ভুয়া দুই মৃত্যুসনদে গত ১৫মে শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকায় আলোচিত বাবু হত্যা মামলার প্রধান আসামি সাঈদ এবং ১৯ মে যশোরের বাঘারপাড়া থানার মাদক মামলার আসামি বাবুল হোসেন জামিন পেয়েছেন।

সাঈদ শহরের রায়পাড়া সার গোডাউন এলাকার মো. খোকনের ছেলে এবং বাবুল ফরিদপুরের বোয়ালিয়ার শেখর ইউনিয়নের তেলজুড়ি গ্রামের তৌহিদুল হকের ছেলে।

যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড (বেজপাড়া-শংকরপুর) কাউন্সিলর জুলফিকার আলী জুলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাঈদের বাবা খোকন জীবিত আছেন বলে আমি জানি।”

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল কাদের আজাদ জানান, গত জানুয়ারিতে বাবু খুন হন। এ হত্যা মামলার প্রধান আসামি সাঈদের পক্ষে গত ১৫ মে যশোরের জজ আদালতে জামিন আবেদন করেন অ্যাডভোকেট আব্দুল গফুর।

ওই আবেদনের সঙ্গে আসামি সাঈদের বাবা মো. খোকনের আকস্মিক মৃত্যুর একটি সনদ দাখিল করা হয়, যা যশোর পৌরসভা থেকে দেয়া হয় বলে দাবি করা হয়। এতে আদালত তার জামিন মঞ্জুর করলে ওই দিনই কারাগার থেকে মুক্তি পান সাঈদ।

এরপর গত ১৯ মে আইনজীবী রুহিন বালুচ বিচারিক হাকিমের আদালতে মাদক মামলার আসামি বাবুল হোসেনের জামিন আবেদন করেন। এ আইনজীবীও আবেদনের সঙ্গে বাবুলের বাবা তৌহিদুল হক ১৮মে রাতে মারা গেছেন উল্লেখ করে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মৃত্যুসনদ দাখিল করলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

আব্দুল কাদের আজাদ বলেন, জামিন আবেদন দুটির সঙ্গে জমা দেয়া মৃত্যুসনদ দুটি ভুয়া এবং দুই আসামির বাবাই জীবিত রয়েছেন। বিষয়টি তিনি লিখিতভাবে আদালত কর্তৃপক্ষকে জানালে বুধবার আদালত বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্ট থানার ওসিদের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের এ আইনজীবী বলেন, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আসামিদের জামিন বাতিলসহ অভিযুক্ত আইনজীবী ও অন্যদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হতে পারে।