২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিজান টাওয়ারের বিস্ফোরণ সেপটিক ট্যাংকে

রাজধানীর কল্যাণপুরে মিজান টাওয়ারের বিস্ফোরণ গ্যাস পাইপলাইনে নয় বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 09:19 PM

Updated : 13 Oct 2022, 12:09 PM

তাৎক্ষণিকভাবে অগ্নিনির্বাপক বাহিনীর এক কর্মকর্তা গ্যাস পাইপ লাইনের কথা বললেও ঘটনাস্থলে গিয়ে সেপটিক ট্যাংক বিস্ফোরণের চিহ্ন দেখা যায়।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে১২ তলাবিশিষ্ট মিজান টাওয়ার বিস্ফোরণে কেঁপে উঠলে ওই ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা সেখানে যায়। তবে কোনো ধরনের অগ্নিকাণ্ড সেখানে ঘটেনি।

বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা নাজমা আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিচতলায় ম্যানহোল ঘেঁষে গ্যাস লাইন গেছে। এই গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটে।”

গ্যাস পাইপলাইনে  বিস্ফোরণের ঘটনা ঘটেনি বলে পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিতাস গ্যাসের মুখপাত্র মো. শাহজাহান।

তিনি বলেন, “মিজান টাওয়ার হেলে পড়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে তিতাসের বিশেষজ্ঞরা সেখানে ছুটে যান এবং পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন সেখানে তিতাসের লাইনে কোনো ধরনের বিস্ফোরণ ঘটেনি।

“বিভিন্ন ইউটিলিটি সার্ভিসের লোকজনও সেখানে যান এবং কেউই দেখেননি যে, সেখানে তিতাসের লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।”   

তিনি বলেছেন, “ভবন হেলে পড়ার খবর পেয়ে তিতাসের বিশেষজ্ঞরা গিয়ে ওই ভবনের গ্যাস সংযোগ বন্ধ করে দেন।”

ভবনটি হেলে পড়েছে কি না- জানতে চাইলে অগ্নিনির্বাপন বাহিনীর কর্মকর্তা নাজমা বলেন, “এটা পরীক্ষা না করে বলা যাবে না।”

১২ তলাবিশিষ্ট মিজান টাওয়ারের নিচের কয়েকটি তলায় দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, ওপরে আবাসিক ফ্ল্যাট। গ্যাস সংযোগের পর ওই ভবনের বিদ্যুৎ সংযোগও বন্ধ করে দেয়া হয়েছে।

রাতে গিয়ে দেখা যায়, পুরো ভবনটি অন্ধকার, বাসিন্দাদের সবাই ভবন ছেড়ে গেছেন।  

বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে ভবনের উত্তর-পশ্চিম কোনে, সেখানে সেপটিক ট্যাংকি রয়েছে বলে স্থানীয়রা জানায়।

বিস্ফোরণের শব্দে ভবনটি কেঁপে ওঠেছিল বলে জানান দ্বিতীয় তলায় থাকা অ্যাডভোটেক শামীম সরদারের চেম্বারের সহকারী মুজাহিদ হোসেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হঠাৎ বিস্ফোরণে শব্দ শুনি। ভবন এসময় কেঁপে ওঠে। নিচতলায় দেয়াল, পিলার এবং মেঝে ক্ষতিগ্রস্ত হয়।”

এ সময় দুটি দোকানের জিনিসপত্র ছিটকে বাইরে গিয়ে পড়ে এবং এতে দোকানের কর্মচারীসহ চার-পাঁচজন আহত হন বলে জানান মুজাহিদ।