সাংবাদিকদের বিরুদ্ধে লতিফ সিদ্দিকীর মামলা প্রত্যাহার
এক বছর আগে সাংবাদিকদের বিরুদ্ধে করা মানহানির মামলা প্রত্যাহার করে নিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।
বুধবার মামলার অভিযোগ গঠনের শুনানির দিনে মন্ত্রী আদালতে উপস্থিত হয়ে বিচারকের সামনে সমঝোতার প্রস্তাব দেন।
তিনি বলেন, “সাংবাদিকরা আমার পূর্ব পরিচিত। তাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। সমঝোতা হতে পারে।
“সম্প্রতি কয়েকটি দৈনিকে আমার বিরুদ্ধে নিউজ করছে। আমি তাদের বিরুদ্ধে মামলা করব না। একটি মামলা করেই বাঁচি না।’
আসামি পক্ষের আইনজীবী সৈয়দ আহমেদ গাজী, আশরাফ উল আলম এ সময় আদালতে উপস্থিত ছিলেন।
এ সময় মামলার আসামি দৈনিক মানবকণ্ঠের সাবেক সম্পাদক (বর্তমানে আলোকিত বাংলাদেশ সম্পাদক) শাহজাহান সরদার, প্রকাশক জাকারিয়া চৌধুরী ও অনলাইন দৈনিক ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক আরিফুর রহমান উপস্থিত ছিলেন।
২০১৩ সালের ২২ মে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে বিরুদ্ধে মামলাটি করেছিলেন সে সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা লতিফ সিদ্দিকী।
মামলার অভিযোগে বলা হয়, গতবছরের ১৭ মে অনলাইন দৈনিক ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকম এ ‘লতিফ সিদ্দিকীকে নিয়ে কানাঘুষা’ শিরোনামে সংবাদ প্রকাশ করে।
একই প্রতিবেদন দুদিন পর ১৯ মে দৈনিক মানবকণ্ঠে প্রকাশিত হয়।
যেখানে বলা হয়, দায়িত্ব পাওয়ার পর মন্ত্রী লতিফ সিদ্দিকী বিজিএমইএর শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে গোপনে কথা বলেছেন। তাকে ম্যানেজ করতে পারলে কমিটির প্রতিবেদন তৈরির সময় ব্যবসায়ীদের মতামত প্রাধান্য পাবে বলে মন্ত্রী আশ্বস্ত করেন।
