২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের গাড়ি ভাংচুর

টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দফা দাবিতে উপাচার্য, প্রক্টর ও শিক্ষকদের গাড়ি ভাংচুর করেছে শিক্ষার্থীরা।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 05:01 PM

Updated : 13 Oct 2022, 12:09 PM

বিশ্ববিদ্যালয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ক্যাফেটেরিয়া কাম লাইব্রেরি ভবনে নতুন ক্লাস রুম স্থাপন ও শিক্ষকদের বসার স্থান পরিবর্তনের দাবিতে বুধবার দুপুরে চারটি গাড়ি ও পাঁচটি মোটরসাইকেলসহ আসবাবপত্র ভাংচুর করে করে তারা।

গত শনিবার থেকে শিক্ষার্থীরা দুই দফা দাবি আদায়ে আন্দোলন করে আসছিল। সমস্যা সমাধানে দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আলাউদ্দিন, উপ উপাচার্য ড. মনিরুজ্জামানসহ সকল শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক হয়।

বৈঠকে সমস্যার কোনো সমাধান না হওয়ায় বেড়িয়ে এসে শিক্ষার্থীরা উপচার্যের ও প্রক্টরের দুটি, শিক্ষকদের একটি মাইক্রোবাস, পাঁচটি মোটরসাইকেল এবং প্রশাসনিক ভবনের তিনটি কক্ষের ফটোকপি মেশিন, দুইটি কম্পিউটার ও ভবনের প্রায় সবকটি জানালার গ্লাস ভাংচুর করে।

এসময় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রক্টর খাদেমুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছাত্রদের কিছু দাবি দাওয়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক চলছিল। কিন্তু তারা প্রশাসনের সঙ্গে একমত না হয়ে সভা কক্ষ ত্যাগ করে ভাংচুর করে।