২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিহ্যাব নির্বাচনে স্থগিতাদেশ স্থগিত

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- রিহ্যাবের নির্বাচন নিয়ে হাই কোর্টের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 04:10 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

বুধবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই আদেশ দেন।

বাদপড়া প্রার্থী আবু ইউসুফ আব্দুল্লাহর করা রিট আবেদনে গত সোমবার হাই কোর্টের একটি বেঞ্চ রিহ্যাবের নির্বাচন কার্যক্রম স্থগিত করেছিল।

এদিন রিট আবেদনকারীর আইনজীবী ছিলেন এএম আমিন উদ্দিন ও ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

পরে রাগীব রউফ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ১ জুন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন রেখে ওই দিন পর্যন্ত হাই কোর্টের আদেশ স্থগিত করে দিয়েছেন চেম্বার বিচারপতি।

রিট আবেদনে বলা হয়, গত ৬ মার্চ রিহ্যাব নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুসারে ৩১ মে নির্বাচন এবং ৭ জুন ফলাফল ঘোষণার কথা ছিল।

“তফসিল অনুসারে ৭ মে যাচাই বাছাই করে ৭৭ জন বৈধ প্রার্থীর নাম ঘোষণা করা হয়। ১৪ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ২১ জনকে রেখে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। রিটকারী তার প্রার্থিতা প্রত্যাহার না করা স্বত্ত্বেও তাকে বাদ দেয়া।”

মনোনয়ন প্রত্যাহার না করার পরও রিট আবেদনকারীকে ১৪ মে প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে বাদ দেয়ায় তিনি হাই কোর্টে আসেন।

এদিকে নির্বাচনী তফসিল অনুসারে আগামী ৭ জুন আনুষ্ঠানিক ফল ঘোষণার দিন থাকলেও গত ২৪ মে রিহ্যাবের ওয়েবসাইটে কমিটি (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) ঘোষণা করে দেয়া হয়।

তবে রিট আবেদনকারী বলছেন, তফসিল অনুসারে ৭ জুনই আনুষ্ঠানিক ঘোষণা দিতে হবে।