২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসিড মামলায় মুফতি ইজাহারের বিরুদ্ধে অভিযোগপত্র

চট্টগ্রামের লালখানবাজার মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় করা এসিড মামলায় হেফাজতে ইসলামের নেতা মুফতি ইজাহারুল ইসলাম ও তার ছেলে হারুণ ইজাহারের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 01:53 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

বুধবার চট্টগ্রাম মহানগর আদালতের পুলিশ প্রসিকিউশন শাখায়  পাঁচ পৃষ্ঠার এ অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা খুলশী থানার এসআই মো. লোকমান হোসেন।

আদালত পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রেজাউল মাসুদ জানান, এসিড নিয়ন্ত্রণ আইনের ৩৬ ধারায় মুফতি ইজাহার ও হারুণ ইজাহারের বিরুদ্ধে এ অভিযোগপত্র দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, অভিযোগপত্রে ৩৪ জনকে সাক্ষী রাখা হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেয়া হবে।

হেফাজতে ইসলামের নায়েবে আমির ও লালখান বাজার মাদ্রাসার পরিচালক মুফতি ইজাহার পলাতক রয়েছেন। তার ছেলে মুফতি হারুণ ইজাহার গ্রেপ্তার হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আছেন।

হারুণও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা।

গত বছরের ৭ অক্টোবর নগরীর লালখান বাজারের জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার দারুল ইফতা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে বিস্ফোরণে আহত পাঁচজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়।

মাদ্রাসা কর্তৃপক্ষ শুরুতে এটিকে ল্যাপটপ বিস্ফোরণ বলে চালাতে চাইলেও ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে হাতবোমা, এসিডসহ বিস্ফোরকের মজুদ পায় পুলিশ।

এ ঘটনার পর পুলিশ বাদী হয়ে বিস্ফোরক এসিড আইনে দুটি এবং একটি হত্যা মামলা করে।

গত ১০ ফেব্রুয়ারি বিস্ফোরক মামলায়ও মুফতি ইজাহার ও তার ছেলে হারুণসহ নয়জনকে অভিযুক্ত করে  অভিযোগপত্র দেয় পুলিশ। গত ৬ এপ্রিল এই মামলায় অভিযোগ গঠন করা হয়।

এছাড়া সম্পদ বিবরণীর মামলায়ও মুফতি ইজাহারের বিরুদ্ধে আাদলতে অভিযোগ গঠন হয়েছে।

পুরনো খবর:

চট্টগ্রামে হেফাজতি মাদ্রাসায় বোমার ‘কারখানা’, বিস্ফোরণ