২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজউকের প্লট-ফ্ল্যাট বরাদ্দে অনিয়ম খতিয়ে দেখবে সংসদীয় কমিটি

আওয়ামী লীগের গত সরকারের আমলে সরকারি প্লট বরাদ্দে অনিয়ম হয়েছে বলে সন্দেহ করছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 01:01 AM

Updated : 22 Aug 2022, 06:22 PM

মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব অনিয়ম তদন্তের সিদ্ধান্ত হয়েছে বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্লট বরাদ্দ নীতিমালা পর্যালোচনা এবং নীতিমালা লঙ্ঘন করে কোথাও প্লট ও ফ্ল্যাট বরাদ্দ দেয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখতে কমিটির আগামী বৈঠকে দুটি উপ-কমিটি গঠন করা হবে।

কমিটির সদস্য জাহিদ আহসান রাসেল সাংবাদিকদের বলেন, “পত্র-পত্রিকার সূত্র অনুযায়ী গত সরকারের আমলে প্লট বরাদ্দের ক্ষেত্রে অনিয়ম হয়েছে। এসব অভিযোগ দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে।

“কমিটি মনে করে, এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সেজন্য বিষয়টি সংসদীয় কমিটিরও তদন্ত করে দেখা উচিত।”

তিনি আরো জানান, রাজউকের পূর্বাচল ও উত্তরা প্রকল্পে এবং গুলশান ও বনানীতে প্লট বরাদ্দের ক্ষেত্রে এসব অনিয়ম হয়েছে বলে সংসদীয় কমিটি মনে করে।

সংসদ সচিবালয় জানায়, কমিটি প্লট বরাদ্দ নীতিমালা পরিবর্তন করে ভবিষ্যতে প্লট বরাদ্দের পরিবর্তে ফ্ল্যাট তৈরি করে তা বরাদ্দের সুপারিশ করেছে। 

কমিটির সভাপতি দবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন, কামাল আহমেদ মজুমদার, জাহিদ আহসান রাসেল, সাধন চন্দ্র মজুমদার, এ কে এম ফজলুল হক, আবু জাহির, আবু সালেহ মোহাম্মদ সাঈদ এবং  নূরজাহান বেগম অংশ নেন।