২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কালো টাকা সাদা করার সুযোগ নয়’

আসন্ন ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ না রাখার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 10:01 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রতিরক্ষাসহ সব খাতের বরাদ্দের ব্যাপারে সংসদে ও সংসদের বাইরে ব্যাপকতর আলোচনার সুযোগ সৃষ্টির আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

বিবৃতিতে তিনি বলেন, “কোন প্রকার অশুভ চক্রের চাপের মুখে নতি স্বীকার না করে সংবিধানের ২০(২) ধারার সাথে সাংঘর্ষিক এই সুযোগ না প্রদানের জন্য আমরা সরকারকে আবারো আহ্বান জানাচ্ছি।”

কালো টাকা সাদা করার সুযোগ রাখাকে `অনৈতিক` আখ্যা দিয়ে তিনি বলেন, “এ সুযোগ কার্যত অনিয়ম ও দুর্নীতিকে পুরষ্কৃত এবং সততাকে নিরুৎসাহিত করে। এটি একই সাথে সরকারকে দুর্নীতির সংরক্ষক ও সহায়ক হিসেবে উপস্থাপিত করে।” বিবৃতিতে বলা হয়, অনৈতিক সুবিধা সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ভিশন ২০২১ এবং ষষ্ঠ পঞ্চ-বার্ষিকী পরিকল্পনায় দেয়া প্রতিশ্রুতির বিরোধী। 

একই বিবৃতিতে করদাতাদের তথা সাধারণ জনগণের কাছে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় বাজেটে প্রতিরক্ষা খাতের বরাদ্দের ব্যাপারে আরো সুনির্দিষ্ট তথ্য প্রকাশের দাবি জানায় টিআইবি।

জাতীয় বাজেটে অন্যতম শীর্ষ বরাদ্দপ্রাপ্ত খাত হিসেবে শুধু নয়, বরং প্রতিরক্ষা ব্যয়ের ‘উম্মুক্ততা’ প্রতিরক্ষা খাতের বিশ্বাসযোগ্যতার জন্যও অপরিহার্য বলে টিআইবির বিবৃতিতে বলা হয়।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, “প্রতিরক্ষা খাতকে ধরা-ছোঁয়ার বাইরের খাত হিসেবে বিবেচনা না করে জাতীয় স্বার্থের অন্যতম গুরুত্বপূর্ণ খাত হিসেবে এ ব্যাপারে মুক্ত আলোচনার সুযোগ তৈরি করতে হবে, যেন এ ব্যাপারে অধিকতর জনআস্থা তৈরি হয়। এর ফলে প্রতিরক্ষা ব্যয়ের ব্যাপারে জনসমর্থনও বৃদ্ধি পাবে।”

এছাড়া বিবৃতিতে স্বচ্ছতা ও জবাবদিহির স্বার্থে ত্রৈমাসিক ভিত্তিতে বাজেটের বাস্তবায়ন প্রক্রিয়া এবং বার্ষিক উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী অর্থ ব্যয়ের অগ্রগতি সম্পর্কে তথ্য প্রকাশের মাধ্যমে জনগণের পরীক্ষা-নিরীক্ষার সুযোগ সৃষ্টির দাবি জানানো হয়।

বিবৃতিতে এজন্য ব্যয়ের পুঙ্খানুপুঙ্খ হালনাগাদ বিবরণী ওয়েবসাইট ও অন্যান্য পদ্ধতিতে প্রকাশের দাবি জানানো হয়।