২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবহন ধর্মঘট স্থগিত

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের পর রাজশাহী বিভাগেও পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বগুড়া ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 09:05 PM

Updated : 25 Apr 2022, 04:14 PM

রাজশাহী বিভাগীয় বাস-ট্রাক মালিক ঐক্য পরিষদের আহ্বায়ক মঞ্জুর রহমান পিটার মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারের উচ্চপর্যায়ের আশ্বাসে ১০ দিনের জন্য ধর্মঘট স্থগিত করা হয়েছে।”

সন্ধ্যায় বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনালে বৈঠকে বসেন ঐক্য পরিষদের নেতারা। ওই বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।

এর আগে বিকালে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে পরিবহন ধর্মঘট স্থগিতের কথা জানান ময়মনসিং জেলা মটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন।

তিনি বলেন, ঢাকায় অনুষ্ঠিত ঢাকা বিভাগীয় উত্তরাঞ্চলীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আলোচনায় তাদের দাবি পূরণের আশ্বাস দেয়া হয়।

এই প্রেক্ষিতে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ অনির্দিষ্টকালের ধর্মঘট আগামী ২৯ মে পর্যন্ত স্থগিত করে।

এরপর সন্ধ্যা থেকে ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল এবং ঢাকা উত্তর ও গাজীপুরে বাস চলাচল শুরু হয়।

অবৈধ যানবাহন ও চাঁদাবাজি বন্ধসহ ছয় দাবিতে গত রোববার থেকে রাজশাহী বিভাগের ৮ জেলায় পরিবহন ধর্মঘট শুরু হয়। টানা তিন দিন ঢাকার সঙ্গে এসব জেলার যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।

এদিকে নেত্রকোনার জেলা প্রশাসককে প্রত্যাহার এবং সড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ সাত দফা দাবিতে মঙ্গলবার সকাল থেকে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে পরিবহন ধর্মঘট শুরু হয়।

গত বৃহস্পতিবার নেত্রকোনায় বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের সঙ্গে বিরোধের জেরে এসব দাবি জানিয়ে ধর্মঘটের ডাক দেন ঢাকা বিভাগীয় উত্তরাঞ্চলীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদ নেতারা।