২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে অপহৃত শিশু উদ্ধার

কক্সবাজার শহর থেকে অপহরণের একদিন পর এক শিশুকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ, অপহরণকারী সন্দেহে আটক করা হয় চারজনকে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 04:48 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

মঙ্গলবার দুপুরে শহরের বাস টার্মিনাল সংলগ্ন পশ্চিম লারপাড়া থেকে নুর কামালকে (১৫) উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মনজুর আলম।

সোমবার সকালে শহরের বাস টার্মিনাল থেকে অপহৃত কামাল উখিয়া উপজেলার রত্মাপালং ইউনিয়নের রুহুল্ল্যার ঢেবা এলাকার নুর বশরের ছেলে।

আটকরা হলেন পশ্চিম লারপাড়ার ওমর হাকিমের ছেলে জাহিদ হোসেন(২৫), আবদুল গফুরের ছেলে মো. জামাল (২৮), প্রয়াত আলী হোসেনের ছেলে লাল মিয়া (৪০) ও সদরের তেতৈয়ার সিকদার এলাকার পিয়ার আহমদের ছেলে মো. আইয়ুব (৩২)।

ডিবির ওসি মনজুর আলম আরো জানান, সোমবার সকাল ১০টার দিকে বাস টার্মিনাল এলাকা থেকে কামালকে অপহরণ করা হয়। এরপর মোবাইল ফোনে তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা।

কামালের পরিবার বিষয়টি ডিবি পুলিশকে জানালে কৌশলে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়।

আটকদের বিরুদ্ধে অপহরণের অভিযোগে মামলা করা হবে বলে জানান তিনি।