আমান পুনর্বিচারের মুখোমুখি
দুর্নীতির এক মামলায় খালাস পাওয়া বিএনপির যুগ্মমহাসচিব আমানউল্লাহ আমানের পুনর্বিচার হবে।
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে বিশেষ আদালতের রায়ে আমানকে ১৩ বছর কারাদণ্ড দেয়া হলেও হাই কোর্টে আপিল করে খালাস পেয়েছিলেন তিনি।
তবে দুর্নীতি দমন কমিশনের আপিলে সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের বেঞ্চ হাই কোর্টে পুনরায় শুনানির রায় দেয়।
রায়ের পর দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, “এর আগে দুদকের নোটিসের ওপর নির্ভর করে হাই কোর্ট রায় দিয়েছিল। রায়ে আসামিদের সাজা বাতিল করা হয়।
“আপিল বিভাগ ওই রায় বাতিল করে হাই কোর্টে মামলার মেরিটে পুনঃশুনানির নির্দেশ দিয়েছেন।”
তবে আদালত কোনো সময়সীমা বা বেঞ্চ ঠিক করে দেননি বলে দুদকের আইনজীবী জানান।
সম্পদের তথ্য গোপনের অভিযোগের এই মামলায় ২০০৭ সালের ২১ জুন আমানকে ১৩ বছর এবং তকার স্ত্রীকে ৩ বছর কারাদণ্ড দেয়া হয়েছিল।
ডাকসুর সাবেক ভিপি আমান ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১০ সালের ১৬ অগাস্ট হাই কোর্টের রায়ে খালাস পান আমান ও সাবেরা।
ওই রায়ের বিরুদ্ধে আপিল করে দুর্নীতি দমন কমিশন, যার রায়ে পুনর্বিচারের আদেশ হয়েছে।
