বর্জন কর্মসূচির সময় অনুপস্থিত অনেক বিচারক
বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ডাকা আদালত বর্জনের সময়ে রোববার হাই কোর্টে দেখা যায়নি বেশ কয়েকটি বেঞ্চের বিচারককে।
আদালতের কয়েকটি সূত্র নিশ্চিত করেছে, বিচারপতি শরীফউদ্দীন চাকলাদার, বিচারপতি মো. আবু তারিক, বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি মো. মিফতাহ্ উদ্দিন চৌধুরী, বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. এমদাদুল হক, বিচারপতি মো. রইস উদ্দিন, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি শেখ আব্দুল আউয়াল বিচারকাজে অংশ নেননি।
এই বিচারকরা কেউ কেউ একক বেঞ্চের বিচারক এবং কেউ কেউ দ্বৈত বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক হওয়ায় সংশ্লিষ্ট বেঞ্চগুলিতে বিচারকাজ হয়নি।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হরতাল অবরোধে বিচারকরা অনেকেই এজলাসে বসেন না। কারণ হরতাল অবরোধের কারণে তারা আসতে পারেন না।”
হরতাল ছাড়া অন্যান্য রাজনৈতিক কর্মসূচির ডাকে বিচারকদের আদালতে অনুপস্থিতির নজির নেই বলে জানান তিনি।
রোববার দুপুরের আগে আদালত বর্জনের কর্মসূচি চলাকালে কোনো কোনো বেঞ্চে বিচারকরা বসেননি এমন খবর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রেজিস্ট্রার বলেন, “এ রকম শুনেছি। কিন্তু এটা সুনির্দিষ্ট করে বলা কঠিন।
“কারণ আজও অন্য কোনো সমস্যার কারণে তারা না বসতে পারেন। আবার জিজ্ঞেস করলে বলতে পারেন, আমরা বসছিলাম। কিন্তু আইনজীবীরা না থাকায় আমরা উঠে গিয়েছি।”
আরেক প্র্রশ্নের জবাবে রেজিস্ট্রার বলেন, “যদি কোনো বিচারক রাজনৈতিক কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন, তাহলে এটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হওয়ার মতো অপরাধ।”
তিনি বলেন, “আজ কেউ না বসেছিলেন কি-না, না বসে থাকলে কেন বসেন নাই, সেটি খতিয়ে দেখার কোনো উদ্যোগ প্রধান বিচারপতির দপ্তর থেকে নেয়া হয়েছে বলে আমার জানা নেই।”
তিনি আরো বলেন, “নিয়ম অনুসারে ১০টা ৩০ মিনিট থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত এবং ২টা থেকে ৪টা ১৫ মিনিট পর্যন্ত হাই কোর্টের বিচারকরা আদালতে বসবেন। ছুটিতে না থাকলে বা অসুস্থ না হলে সবারই এ সময়ে আদালতে বসার নিয়ম।”
