২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তৃণমূলে উন্নয়ন কাজে সাংসদদের সম্পৃক্ততা নয়’

তৃণমূল পর্যায়ে উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে সংসদ সদস্যদের সম্পৃক্ততা বন্ধ করাসহ কয়েকটি দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2014, 10:09 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে ক্ষমতা ও দায়িত্বের সুষম বণ্টন এবং সংরক্ষিত নারী সাংসদদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিধিমালা প্রণয়নেরও সুপারিশ করেছে তারা।

রোববার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে প্রকাশিত টিআইবির ‘স্থানীয় সরকার খাত: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এসব সুপারিশ করা হয়।

টিআইবির পক্ষে গবেষণাটি পরিচালনা করেন মো. রবিউল ইসলাম, নাহিদ শারমীন ও ফারহানা রহমান।

তাদের সুপারিশগুলোকে যৌক্তিক আখ্যা দিয়ে তা বাস্তবায়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।

“স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে কারা দুর্নীতির সাথে জড়িত আপনারা (টিআইবি) আমাদের নির্দিষ্ট করে তালিকা জমা দিন। আমি কথা দিচ্ছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে,” বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, “আপনারা দেখছেন বিগত সরকারের সময়ে যে সকল জনপ্রতিনিধি দুর্নীতির সাথে জড়িত ছিলেন তাদের নামে মামলা হয়েছে এবং সরকারের কোন প্রকার হস্তক্ষেপ ছাড়াই এসব মামলা পরিচালিত হচ্ছে।

“স্থানীয় পর্যায়ে যারা কাজ করেন তাদের মধ্যে একরাতে বড়লোক হওয়ার একটি মানসিকতা তৈরি হয়েছে। এ মানসিকতা পরিহার না করা পর্যন্ত দুর্নীতি দূর হবে না।”

টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য এম হাফিজউদ্দিন খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিশেষজ্ঞ জারিনা রহমান খান, সালাউদ্দিন এম আমিনুজ্জামান, তোফায়েল আহমেদ, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বক্তব্য রাখেন।