হাইলাকাঠির শীতলপাটি ও পাটিকরদের কথা
বাংলাদেশের বিভিন্ন কুটির শিল্পজাত পণ্যের কদর রয়েছে সারাবিশ্বে। পাট ও বেতের পণ্য এরমধ্যে বিশেষ খ্যাত। এছাড়াও একটি পণ্য রয়েছে শীতলপাটি, যার সুনাম ছড়িয়েছে দেশ-বিদেশের নানা স্থানে।
ঝালকাঠীর রাজাপুর উপজেলার একটি গ্রাম হাইলাকাঠি। এ গ্রামের মানুষের জীবিকার অন্যতম প্রধান উপায় শীতলপাটি।
সাধারণত তীব্র গরমে এ পাটির কদর একটু বেশি বলে ওই সময়ই এ গ্রামের পাটিকররা ব্যস্ত সময় কাটান।
তাই এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এ পাটির কদর সবচেয়ে বেশি। তবে, সারাবছরই কিছু না কিছু বিক্রি হয়।
এ শিল্পের সঙ্গে জড়িত মানুষদের জীবনমান উন্নয়নে কারো তেমন উদ্যোগ রয়েছে বলে মনে করেন না হাইলাকাঠির পাটিকররা। অথচ পৃষ্ঠপোষকতা পেলে এ শিল্পের মাধ্যমে আসতে পারে বিপুল বৈদেশিক মুদ্রা।
প্রাচীনকাল থেকে বংশপরায় হাইলাকাঠি গ্রামে শীতলপাটি তৈরি করে আসছে একটি সম্প্রদায়। হিন্দু ধর্মালম্বী এই কারুশিল্পীরা পাটিকর নামে পরিচিত। বংশের ধারা রক্ষা করে গ্রামটিতে এখনও ১৯৫টি পরিবার পাটি শিল্পের সঙ্গে জড়িত রয়েছে। তাই হাইলাকাঠি নামের এই গ্রামটি শীতলপাটির গ্রাম নামেই বেশি পরিচিত।
গ্রামের অত্যন্ত দরিদ্র শ্রেণির মানুষ বছরের ছয় মাস পাটি বুনে জীবিকা নির্বাহ করে। নিজেদেরই জমিতে পূর্ব-পুরুষের লাগানো পাইতরা নামের এক শ্রেণির গুল্ম থেকে তৈরি বেত দিয়ে বোনা হয় দেশের সবচেয়ে উন্নতমানের এই শীতলপাটি।
এ গ্রামে উৎপাদিত শীতলপাটি পাইকাদের মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম ও বিভিন্ন নগরীসহ বিদেশেও রপ্তানি হচ্ছে।
সেসব বাজারে এ পাটির চরামূল্য থাকলেও ঝালকাঠীর পাটি শিল্পীরা তেমন দাম পান না। কাঁচামাল ও শ্রমের মজুরিসহ এক একটি পাটিতে দুশ টাকার বেশি লাভ হয় না। তাই তাদের সংসারের অভাব ঘোচে না কখনো। দারিদ্র্য আর মূলধনের অভাবে মাথা তুলে দাঁড়াতে পারেনি এই শিল্পটি।
নারী-পুরুষ এমনকি শিশুরাও বুনতে পারে শীতলপাটি। এক একটি পাটি তৈরি সময় লাগে অন্তত সাত দিনে। কিন্তু মজুরি ও উৎপাদন খরচ নিয়ে তিনশ থেকে পনেরোশ টাকায় পাইকারদের কাছে বিক্রি করতে হচ্ছে একটি পাটি।
ঝালকাঠীর শিল্প সহায়ক কেন্দ্রের উপ-ব্যবস্থাপক আশ্রাফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিসিকের সহায়তায় বাংলাদেশ ব্যাংক খুব শিগগিরই দেশের ২১টি জেলায় ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নে ঋণ সহায়তার ব্যবস্থা করছে।
শীতলপাটির জন্য ঝালকাঠীও ওই ২১ জেলার তালিকাভুক্ত হয়েছে বলে তিনি জানান।
কিন্তু বিসিকের এই কর্মকর্তার মতে, ঋণ সহায়তা নয়, ঝালকাঠীর পাটি শিল্পের উন্নয়নে এখানকার দরিদ্র পরিবারগুলোকে এককালীন অনুদান দেয়া প্রয়োজন। আর তাই এ ব্যপারে সকারের উচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করছেন তিনি।
হাইলাকাঠিতে বছরে কয়েক হাজার পাটি তৈরি হয় বলে জানান সন্তোষ।
পাটিকর শ্যামল চন্দ্র জানান, পাটি তৈরির প্রধান কাঁচামাল পাইতরা নামের গুল্মটি। এটি কেটে বেতি তৈরি এবং তৈরি পাটি বাজারে বিক্রি করে পুরুষরা।
বেতি দিয়ে বাড়িতে পাটি বোনার কাজটি করেন নারীরা। তবে মাঝেমধ্যে পুরুষরাও নারীদের সঙ্গে এ কাজে হাত লাগায়।
ঝালকাঠীর শীতলপাটির গ্রামের মানুষ জানে না ঠিক কবে থেকে এ কাজ শুরু হয়েছে এখানে। পূর্ব পুরুষের আমল থেকেই জীবিকা নির্বাহে বংশপরায় শিল্পকে বাঁচিয়ে আসছে তারা। কিন্তু বছরের ছমাসের এ আয় দিয়ে নুন আনতে পানতা ফুরায় তাদের। তাই শিল্পের মর্যাদা থাকলেও নেই আর্থিক উন্নতি। আর সে কারণেই দেশ বিদেশে জনপ্রিয় ঝালকাঠীর এই শিল্পটি আজও মাথা তুলে দাঁড়াতে পারেনি।
