২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে যুবককে খুন করে চোখ তুলে নিল দুর্বৃত্তরা

গোপালগঞ্জে এক যুবককে হত্যার পর চোখ উপড়ে নিয়েছে দুর্বৃত্তরা।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2014, 12:29 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের আমুরিয়া গ্রামে রোববার সকালে মেজবাহ চৌধুরীর (২৪) লাশ পাওয়া যায়।

গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের ছাত্র মেজবাহ ওই গ্রামের জাফর চৌধুরীর ছেলে। তিনি গত সপ্তাহে বিয়ে করেছিলেন।  

সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির এসআই শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শরীরে বিভিন্ন স্থানে ইলেকট্রিক শক দিয়ে ও নির্যাতন চালিয়ে মেজবাহকে হত্যা করা হয়।

“তার ডান চোখ তুলে নিয়ে গেছে। বাম চোখও উপড়ে ফেলা হয়েছে।”

পূর্ব বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের ধারণা।

স্থানীয়রা জানিয়েছে, মেজবাহর পরিবারের সঙ্গে ওই গ্রামের আকবর সিকদারের জমি নিয়ে বিরোধ ছিল। ২০০৮ সালের ২৯ জুন একবার আকবরের ছেলে ওলিউল্লাহ সিকদারের অভিযোগে মেজবাহকে গ্রেপ্তার করা হয়েছিল। তখন থেকে দুই পরিবারের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে।

এসআই শফিক বলেন, “জমিজমা সংক্রান্ত বিরোধ ও অস্ত্র সংক্রান্ত ঘটনায় ওই যুবককে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে।”

নিহতের মা তসলিমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়েছিল মেজবাহ। এরপর আর ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। রোববার সকালে লাশ পাওয়া যায়।

বুধবার পাশের মাঠলা গ্রামের গোলাম মোস্তফার মেয়ে সানজিদা আক্তারের  সঙ্গে মেজবাহর বিয়ে হয়।

“আমার বৌমা বিধবা হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই,” বলেন তসলিমা।