২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ব্যবসায়ীর এসিড দগ্ধ লাশ উদ্ধার

রংপুরের কাউনিয়া উপজেলায় এক নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ, যার মুখমণ্ডল এসিডে ঝলসানো।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2014, 10:33 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

শনিবার রাত সাড়ে ৮টায় হারাগাছ পৌরসভার বানুপাড়ায় একটি ধানক্ষেতে নূর ইসলামের (৬০) লাশ উদ্ধার করা হয়।

নূর ইসলাম বানুপাড়ার প্রয়াত জমির উদ্দিনের ছেলে। তিনি তামাক ব্যবসা করতেন বলে স্বজনরা জানিয়েছেন।

নিহতের ভাগ্নে ওমর ফারুক জানান, বৃহস্পতিবার দুপুরে এলাকার কলেজ বাজারে যান নূর ইসলাম। এরপর থেকে তার সন্ধান মিলছিল না। এ ব্যাপারে কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ মিঞা জানান, লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে অন্যত্র হত্যা করে লাশ বাড়ির পাশে ফেলে গেছে।

তাকে কেউ যাতে সনাক্ত করতে না পারে সেজন্য মুখে এসিড ঢেলে দিয়েছে দুর্বৃত্তরা, বলেন ওসি।

তিনি আরো বলেন, ময়নাতদন্তের জন্য লাশ থানায় আনা হয়েছে।