২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার-টেকনাফ নির্মাণাধীন সড়ক পরিদর্শনে দুই মন্ত্রী

কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত ‘মেরিন ড্রাইভ’ সড়কের নির্মাণ কাজ আগামী ২০১৫ সালের ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবাদুল কাদের।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2014, 08:18 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

আর এ প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ যথাসময়ে বরাদ্দ দেয়া হবে বলেও আশ্বস্ত করেছেন পরিকল্পনামন্ত্রী আহম মোস্তফা কামাল।  

শনিবার সেনাবাহিনীর অধীনে নির্মাণাধীন সড়কটি পরিদর্শন করতে গিয়ে দুই মন্ত্রী এসব কথা বলেন। এ সময় সেনাবাহিনীর কর্মকর্তারা মন্ত্রীকে প্রকল্পের বিস্তারিত উপস্থাপন করেন।

তারা দুই মন্ত্রীকে জানান, কলাতলী থেকে টেকনাফ পর্যন্ত তিনটি ভাগে ভাগ করে প্রকল্পের কাজ চলছে। বর্তমানে দ্বিতীয় ভাগের কাজ শেষ দিকে।

এসময় যোগাযোগমন্ত্রী ওবাদুল কাদের বলেন, “২২ বছর ধরে ৮৪ কিলোমিটারের একটি সড়ক নির্মাণ শেষ না হওয়া অত্যন্ত দু:খজনক। বর্তমান সরকার ২০১৫ সালের মধ্যে টেকনাফ পর্যন্ত এ সড়কের কাজ শেষ করতে চায়।

“এতে পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি কক্সবাজার-বান্দরবান নিয়ে সরকারের অর্থনৈতিক জোন বাস্তবায়ন করার প্রক্রিয়া এগিয়ে যাবে।”

পরিদর্শনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, “নারায়ণগঞ্জ ও ফেনীর ঘটনার দায় সরকার এড়াতে পারেন না। এর দায় নিয়ে সত্য উন্মোচন করে দোষীদের শাস্তি দেয়াই সরকারের কাজ।”

শামীম ওসমান ও নুর হোসেনের ফোনালাপের বিষয়ে তিনি বলেন, “এ বিষয়টি সত্যি হলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এঘটনায় দলীয় কেউ জড়িত থাকলে তাকে ছাড় দেয়ার প্রশ্নই ওঠে না।”

পরিকল্পনামন্ত্রী মোস্তফা কামাল বলেন, “একটি অর্থনৈতিক জোন হিসেবে কক্সবাজারকে সাজানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এতে সকলের সহযোগিতা প্রয়োজন।”

ওই সময় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার ওহাব, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং বিভাগের মেজর জেনারেল মো. আবদুল কাদির, ১৬ ইসিবি’র অধিনায়ক নুর হোসেন, মেরিন ড্র্রাইভ সড়কের প্রকল্প কর্মকর্তা এসএম আশিকুজ্জামানসহ কর্মকর্তা ছাড়াও প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।