২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাগরিকত্বের খবর শুনে গেলেন না ইশতিয়াক

নিউ ইয়র্কে হামলার শিকার হয়ে ২০ মাস ধরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা অবস্থায় ইশতিয়াক কাদেরের নাগরিকত্বের ছাড়পত্র এলেও তা দেখে যেতে পারেননি তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2014, 05:47 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

ইশতিয়াক (৫১) গত ১৪ মে মারা যান। নিউ ইয়র্ক সিটির কুইন্সে বসবাসরত এই বাংলাদেশি ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর দুই দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছিলেন।

২৭ বছর ধরে নিউ ইয়র্কে বসবাস করলেও যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাননি ঢাকার ইশতিয়াক। তবে আবেদন করে রেখেছিলেন। 

ইশতিয়াকের চাচা ইলিয়াস কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুইন্সের ফ্লাশিংয়ে লং আইল্যান্ড কেয়ার সেন্টারে ইশতিয়াক চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাষ্ট্র ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ সার্ভিস থেকে তাকে নাগরিকত্ব দেয়ার অনুমোদন এসেছে।

তবে ইশতিয়াক অচেতন থাকায় তাকে এই খবর দেয়া যায়নি বলে তার চাচা জানান।

ইশতিয়াক ম্যানহাটানের একটি রেস্তোরাঁয় কাজ করতেন।

ইশতিয়াক হামলায় আহত হওয়ার পর তাকে প্রথমে জ্যামাইকা হাসপাতালে ভর্তি করা হয়। তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল।

অচেতন অবস্থায়ই গত বছরের ২৫ মার্চ তাকে নেয়া হয় লং আইল্যান্ড কেয়ার সেন্টারে। কিন্তু তার জ্জান ফেরেনি।

ইশতিয়াকের লাশের ময়না তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, মাথায় প্রচণ্ড আঘাতই তার মৃত্যুর কারণ।

ইশতিয়াকের মৃত্যুর পর দুই হামলাকারীর বিরুদ্ধে খুনের অভিযোগ গঠন করা হয়েছে। কুয়ামেইন এবারনেথি (২৯) ও ডেভিড লুইম (২৯)  নামে ওই দুই যুবক গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।