সাভারে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার রাত পৌনে ৩টার দিকে বলিয়ারপুর এলাকার এ দুর্ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছেন সাভার মডেল থানার এসআই ফরহাদ হোসেন।
নিহতরা হলেন- আতাউর রহমান (৫০) ও গোলাম মুর্তজা(৪৮)।
আহতদের স্থানীয় ‘এনাম মেডিকেল কলেজ হাসপাতালে’ ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসআই ফরহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিলেট মাজার থেকে মাইক্রোবাসে করে সিরাজগঞ্জে বাড়ি ফিরছিলেন তারা। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় মাইক্রোবাসটির।
এতে ঘটনাস্থলেই মারা যান আতাউর ও মুর্তজা। আহত একজনের অবস্থা আশংকাজনক।
সংঘর্ষে মাইক্রোবাসটির একপাশ ধুমড়ে মুচড়ে যায়।
