২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় চাঁদাবাজি মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে আটকে নির্যাতনের অভিযোগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2014, 10:02 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

শুক্রবার শহরের চৌড়হাস ফুলতলা এলাকা থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করলে তাকে জেল হাজতে পাঠানো হয়।

শহরের চৌড়হাস এলাকার হার্ডওয়ার ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুনকে (২৮) ধরে নিয়ে গিয়ে নির্যাতন করার অভিযোগে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন ওই ব্যবসায়ীর বাবা মনির হোসেন।

মামলার বাদী শহরের চৌড়হাস গ্যাদন মিস্ত্রি সড়কের পরিবহন মালিক মনির হোসেন জানান, তার ছেলের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।

চাঁদা না পেয়ে গত ৫ মে ওই ছাত্রলীগ নেতা তার ছেলেকে চৌড়হাস মোড় থেকে জোরপূর্বক তুলে নিয়ে পাশের বিএডিসির গুদামে আটক রেখে অমানুষিক নির্যাতন করেন।

মনির হোসেন আরো জানান, মারপিটে ব্যবসায়ী মামুনের দুই পা ও দুই হাতের একাধিক স্থানে ভেঙে যায়। সারা শরীর থেঁতলে যায়। বর্তমানে মামুন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক বিভাগে চিকিৎসাধীন আছেন।

কুষ্টিয়া মডেল থানার ওসি আব্দুল খালেক জানান, ব্যবসায়ী মামুনের বাবা মনির হোসেন বাদী হয়ে মডেল থানায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ তার সহযোগী সোহেল, আলমগীর হোসেন, আকবর, লিখন, সুজনসহ সাত জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

এ মামলার প্রধান হুকুমদাতা আসামি হিসেবে মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে বলে তিনি জানান।