২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়ে স্কুল বিধ্বস্ত, শিশু শিক্ষার্থীরা দুর্ভোগে

নওগাঁর রাণীনগর উপজেলায় ঝড়ে একটি প্রাথমিক বিদ্যালয়ের টিনের চাল উড়ে যাওয়ায় ১৫ দিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছে শিশু শিক্ষার্থীরা। প্রচণ্ড গরমে বিদ্যালয়ের বারান্দায় গাদাগাদি করে তাদের ক্লাস করতে হচ্ছে।

সাদেকুল ইসলাম

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2014, 05:42 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

গত ৮ মে রাতোয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনটি কক্ষের টিনের চাল উড়ে যায়। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতোয়ার রহমান ও কয়েকজন অভিভাবক জানান, ঝড়ে বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও দ্বিতীয় শ্রেণির কক্ষের টিনের ছাওনি উড়ে যায়।

এরপর থেকে বিদ্যালয় সংলগ্ন রাতোয়াল উচ্চ বিদ্যালয়ের বারান্দায় প্রচণ্ড গরমের মধ্যে ক্লাস করছে শিশুরা।

শিশুদের সমস্যার কথা বিবেচনা করে বিদ্যালয়ের শিক্ষক এবং অভিভাবকরা দ্রুত বিদ্যালয়টির সংস্কারের কাজ শুরুর দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজনুর রহমান জানান, “রাতোয়াল প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাওনি ভেঙে পড়ার ঘটনা আমার জানা নেই। বিষয়টি জেনে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”