২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রসবকালে প্রতি লাখে ১৭১ মায়ের মৃত্যু হয়’

বাংলাদেশে প্রসবকালে প্রতি লাখে ১৭১ জন মায়ের মৃত্যু হয় বলে এক জরিপে জানানো হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2014, 05:19 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

বৃহস্পতিবার গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ে চিকিৎসক ও সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানানো হয়।

কর্মশালায় বক্তারা জানান, বাংলাদেশ মেটারনাল মরটালিটি অ্যান্ড হেল্থ কেয়ার সার্ভে (বিএমএমএস) ২০১০ এ তথ্য প্রকাশ করেছে।

এতে বলা হয়, প্রবসকালীন মাতৃ মৃত্যুর এ সংখ্যা এর আগে ছিল ১৯৪। আর জাপানসহ উন্নত অনেক দেশে মাতৃমৃত্যুর হার শূন্যের কোঠায়।

এছাড়া আমাদের দেশে প্রতিবছর জন্মের ২৮ দিনের মধ্যে মারা যায় এক লাখ ২০ হাজারের মতো শিশু।

গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার মো. কামরুজ্জামান সুমনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি  ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক মো. দেলোয়ার হোসেন।

অন্যানের মধ্যে গাজীপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক লাজু শামসাদ হক, ডা. মো. আজিজুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তথ্য কর্মকর্তা ইসরাত জাবীন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা জানান, চার কারণে শিশু মারা যায়। তার মধ্যে অদক্ষ লোকের মাধ্যমে বাচ্চা প্রসব করানো, জন্মের সময় শিশু শ্বাস বাধাগ্রস্ত হওয়া, কম ওজনের বাচ্চা হওয়া এবং প্রসবকালীন  আঘাত ও মারাত্মক জন্মগত ত্রুটি থাকা।

মাতৃ মৃত্যুর প্রধান কারণগুলো সম্পর্কে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক মো. দেলোয়ার হোসেন জানান, গর্ভকালীন, প্রসবকালীন বা প্রসবপরবর্তী সময়ে রক্তক্ষরণ, প্রসবকালীন খিচুনী, বিলম্বিত/বাধাগ্রস্ত প্রসব, অনিরাপদ গর্ভপাত, প্রসব পরবর্তী সংক্রমণ, রক্তস্বল্পতা, নারী নির্যাতন/ আঘাতজনিত কারণে মায়েদের মৃত্যু হয়ে থাকে। 

মা ও শিশুমৃত্যু  কমাতে হলে মা ও শিশু কেন্দ্রে অথবা উপজেলা/ইউনিয়ন পর্যায়ের সরকারি হাসপাতালে গর্ভকালীন সেবা  নিতে হবে। অদক্ষ দাই দিয়ে প্রসব না করিয়ে দক্ষ দাই কিংবা মা ও শিশু কেন্দ্র/হাসপাতালে প্রসব করাতে হবে।