২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে নার্সিং শিক্ষার্থীদের ধর্মঘট প্রত্যাহার

স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত দলের সাথে বৈঠক শেষে অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করেছেন সিলেট নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2014, 09:46 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

তদন্তকারী দলকে শুক্রবার থেকে ক্লাস ও পরীক্ষায় অংশ নেয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন আন্দোলকারী নাসিং কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বাঁধন ও অমি।

তবে তদন্ত প্রতিবেদন প্রকাশ ও হামলার সাথে জড়িত ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া পর্যন্ত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সেবাদান থেকে তারা বিরত থাকবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবীশ চিকিৎসক ও শিক্ষানবীশ নার্সদের মধ্যে সংঘটিত ঘটনা তদন্তে ঢাকা থেকে আসা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত দলের তিন সদস্য বৃহস্পতিবার সারাদিন তদন্ত চালান।

এ তদন্ত দলের নেতৃত্বে রয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ সচিব মনিরুল ইসলাম। তার সাথে রয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা অধিদপ্তরের পরিচালক তাসলিমা খাতুন ও স্বাস্থ্য অধিদপ্তরের উপ পরিচালক স্বপন কুমার।

তদন্তকারী দল যে ওয়ার্ডে অপ্রীতিকর ঘটনা ঘটেসে সে ওয়ার্ডের রোগী, হাসপাতালের চিকিৎসক, স্টাফ নার্স, ইন্টার্ন চিকিৎসক, ইন্টার্ন নার্স, বিশেষজ্ঞ চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলাদাভাবে বৈঠক করেন।

হাসপাতালের একটি সূত্র জানায়, তদন্ত দলের সদস্য তসলিমা খাতুন বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সিলেট নার্সিং কলেজের শিক্ষার্থীদের সাথে বৈঠক করেন।

এ সময় তিনি ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং ওই প্রতিবেদনের আলোকে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

তার আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা শুক্রবার থেকে ধর্মঘট প্রত্যাহার করে ক্লাস ও পরীক্ষায় অংশ নেয়ার ঘোষণা দেন।

তবে তদন্ত প্রতিবেদন প্রকাশ ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আগে তারা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সেবা প্রদান থেকে বিরত থাকার কথা জানান তদন্ত দলের সদস্য তাসলিমা খাতুনকে।

বৈঠক শেষে কলেজ অডিটোরিয়াম থেকে বের হয়ে তাসলিমা খাতুন উপস্থিত সাংবাদিকদের এমন তথ্য দিয়েছেন।

গত রোববার রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কথা কাটাকাটির জের ধরে শিক্ষানবিশ নার্সদের উপর হামলা চালান শিক্ষানবিশ চিকিৎসকরা।

ওসমানী হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার মিজানুর রহমান জানান, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেয়া হবে।