২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সুবহানের পায়ে ধরেও স্বামীকে রক্ষা করতে পারিনি’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে একাত্তরে জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা আবদুস সুবহানের নির্দেশে পাকিস্তানি সেনাদের গুলিতে স্বামীর মৃত্যুর বর্ণনা দিলেন ঈশ্বরদীর সাহাপুর গ্রামের জাহানারা বেগম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2014, 08:54 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

১৯৭১ সালের ২ মে স্বামী রজব আলী বিশ্বাস ও তার বন্ধু সামসুল হককে মওলানা আব্দুস সুবহান দেখিয়ে দিলে তার সামনেই পাকিস্তানি সেনারা গুলি করে হত্যা করে বলে বলে ট্রাইব্যুনালে বলেন প্রসিকিউশনের সপ্তম সাক্ষী জাহানারা।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বৃহস্পতিবার সাক্ষ্য দেন তিনি।

৬৫ বছর বয়সী জাহানারা বেগম বলেন,১৯৭০ সালের নির্বাচনের সময় থেকেই সুবহানকে চিনতেন তিনি।সুবহান সেইসময় দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাইতে আসতেন।

তিনি বলেন, তার স্বামী রজব আলী ঠিকাদারি করতেন এবং একই সঙ্গে তিনি আওয়ামী লীগ এবং স্বাধীনতা সংগ্রাম পরিষদের একজন নেতা ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি নিজে মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত অস্ত্র-শস্ত্র লুকিয়ে রাখতেন এবং মুক্তিযোদ্ধাদের রান্না-বান্না করে খাওয়াতেন।

Image
জামায়াত নেতা আব্দুস সুবহান।

জামায়াত নেতা আব্দুস সুবহান।

“একাত্তর সালের মে মাসের ২ তারিখে ফজরের নামাযের পর গোলাগুলির আওয়াজ শুনতে পাই। এসময় সুবহান মাওলানা পাকিস্তান সেনাবাহিনী নিয়ে আমাদের শাহাপুর গ্রাম ঘিরে ফেলে এবং গুলি করতে করতে পশ্চিম পাড়ার দিকে আগাতে থাকে।”

ওই সময় বাড়িতে শ্বশুর সোবহান বিশ্বাস,শাশুড়ি ইভাজান,দেবর সাদেক আলী বিশ্বাস ও তার স্বামী ছিলেন বলে জানান জাহানারা। এছাড়া তার স্বামীর বন্ধু শামসুল হক ও তার পরিবারও তাদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন।

জাহানারা বলেন,ওই দিন সকাল ৭টায় তাদের বাড়ির পূবদিকে অধ্যক্ষ তৈয়বুর রহমানের বাড়িতে সুবহান মাওলানা ও পাকিস্তানি সেনারা অগ্নিসংযোগ করে। এ সময় তার মেজো দেবর সাদেক আলী বিশ্বাস তার বড় মেয়ে রাজিয়া সুলতানা এবং সামসুল হকের মেয়ে সোভা খাতুনকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।

“চতুর্দিকে মুহুর্মুহু গুলির আওয়াজে ভীত সন্ত্রস্ত হয়ে আমার স্বামী ও তার বন্ধু এবং শ্বশুর-শাশুড়ি ও আমি বাড়ির পিছনের দিকে বাঁশবাগানে গিয়ে লুকাই।এক পর্যায়ে সুবহান মওলানা এবং পাকিস্তানি সেনারা আমাদের দেখে চারিদিকে ঘেরাও করে ফেলে।

“এসময় মাওলানা সুবহানের দেখানো মতে পাকিস্তানি সেনারা আমার স্বামীকে গুলি করতে উদ্যত হলে আমি মাওলানা সুবহানের পা জড়িয়ে ধরে স্বামীর প্রাণ ভিক্ষা চাই। মাওলানা সুবহান আমাকে লাথি মেরে ফেলে দিলে এক পাকিস্তানি সেনা প্রথমে আমার স্বামীকে গুলি করে হত্যা করে।পরে তার বন্ধু সামসুল হককেও গুলি করে হত্যা করে।”

তিনি আরো বলেন,একই দিনে তাদের বাড়ির পাশে রহিম সর্দার ও মাহমুদ সর্দারকেও সুবহানের পরামর্শে পাকিস্তানি সেনারা একইভাবে গুলি করে হত্যা করে বলে তিনি শুনেছেন।

এছাড়া গ্রামের পশ্চিমপাড়ার চাঁন্দ আলী প্রামাণিক, আক্তার প্রামাণিক, আনার প্রামাণিক ও হামেজ উদ্দিন প্রামাণিককেও হারু ব্যাপারীর বাড়ির পাশে সুবহান মাওলানার নির্দেশে গুলি করে হত্যা করা হয় বলে এলাকাবাসী তাকে জানায়।

ওই দিনই মাওলানা সুবহান ও পাকিস্তানি সেনারা মিলে ঈশ্বরদী কলেজের অধ্যক্ষ তৈয়বুর রহমানের বাড়িসহ ১০-১৫টি বাড়িতে লুটপাট করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।সেদিন জোহরের নামাজ পর্যন্ত এ তাণ্ডব চলে।

জাহানারা বেগম বলেন,সুবহান ও পাকসেনারা ওই গ্রাম ছেড়ে যাওয়ার পরে পাশের মানিকনগর থেকে তার কয়েক ভাইসহ অনেক মানুষ তাদের সাহাপুর গ্রামে আসে।

“আমার স্বামীর লাশটি বাঁশবাগান থেকে আমার দুই ভাই এনামুল হক ও আলাঊদ্দিন হক বাড়িতে আনে। বাড়ির একটি ঘরের দরজার এক পাল্লা খুলে তার উপর লাশটি রেখে তারা ও অন্যান্যরা কাঁধে করে সেটি আমার বাবার বাড়ী মানিকনগরে নিয়ে যায়।সেখানে মাটি চাপা দেয়। আমার স্বামীর লাশ যখন বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয় তখন আমিও লাশের সাথে সেখানে যাই।”

তিনি আরো বলেন, তার স্বামীর বন্ধু সামসুল হকের লাশটি সাহাপুরের লোকেরাই তাদের বাড়ির পেছনের বাগানের পাশে মাটিচাপা দেয়।তিনি বাবার বাড়ি থেকে ফিরে এসে এ ঘটনা শুনতে পান।

সাক্ষ্যের এক পর্যায়ে ডকে থাকা অভিযুক্ত আব্দুস সুবহানকে সনাক্ত করেন তিনি।

সাক্ষ্য দেয়া শেষ হলে এ সাক্ষীকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী শাহজাহান কবীর।পরে জেরা অসমাপ্ত রেখে মামলার কার্যক্রম আগামী রোববার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।