সিরাজগঞ্জে ট্রেন ও নসিমন সংঘর্ষ
সিরাজগঞ্জে একটি রেলক্রসিং-এ শ্যালোযান নসিমনের সাথে আন্তঃনগর ধুমকেতু এক্সপ্রেসের সংঘর্ষ হয়েছে।
বেলা ৩টার দিকে এ ঘটনায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকার সাথে উত্তর এবং দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ থাকে। তবে কেউ হতাহত হয়নি।
উদ্ধারকারী ট্রেন এসে বিকল হওয়া ইঞ্জিনটি সরিয়ে নিলে দুই ঘণ্টা পর এ রেল পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেলের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ওয়ে) আব্দুল মান্নান জানান, বৃহস্পিতিবার বিকেল ৩টার দিকে সলপ স্টেশনের কাছে অরক্ষিত রেলগেটে একটি নসিমন রেললাইনের উপরে উঠে বিকল হয়ে যায়।
এ সময় ট্রেন আসার শব্দ পেয়ে রেললাইনের উপর নসিমন রেখে চালকসহ যাত্রীরা নিরাপদ দূরত্বে সরে যায়।
এ অবস্থায় সংঘর্ষে ট্রেন-ইঞ্জিনের হোস পাইপটি ফেটে ট্রেনটি বিকল হয়ে যায়। তবে কেউ হতাহত হয়নি।
ঢাকা থেকে উদ্ধার ট্রেন এসে বিকল ইঞ্জিনটি সরিয়ে নেয়ার বিকেল ৫টা থেকে এ রেলপথে ফের ট্রেন চলাচল শুরু হয়।
