২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে শিক্ষানবিশ নার্সদের উপর হামলার তদন্ত শুরু

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ নার্সদের উপর শিক্ষানবিশ চিকিৎসকদের হামলার ঘটনা তদন্তে ঢাকা থেকে আসা তিন সদস্যের কমিটি কাজ শুরু করেছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2014, 06:19 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

বৃহস্পতিবার দুপুর থেকে তারা ওসমানী হাসপাতালে তদন্ত কাজ শুরু করেন।

গত রোববার রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কথা কাটাকাটির জের ধরে শিক্ষানবিশ নার্সদের উপর হামলা চালান শিক্ষানবিশ চিকিৎসকরা।

ওসমানী হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার মিজানুর রহমান জানান, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেয়া হবে।

বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত দলের নেতৃত্বে রয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মনিরুল ইসলাম। তার সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা অধিদপ্তরের পরিচালক তাসলিমা খাতুন ও স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার তরফদার রয়েছেন।

তদন্ত চলাকালে চতুর্থ দিনের মতো বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে সিলেট নার্সিং কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে অবস্থান ধর্মঘট করেন।

শিক্ষানবিশ চিকিৎসকদের শাস্তির দাবিতে তারা বিভিন্ন রকমের প্ল্যাকার্ড নিয়ে অবস্থান ধর্মঘট পালন করেন। বৃহস্পতিবারও ক্লাস-পরীক্ষা এবং হাসপাতালে সেবাদান থেকে বিরত রয়েছেন তারা।

হাসপাতালের যে ওয়ার্ডে শিক্ষানবিশ চিকিৎসক ও নার্সদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল ওই ওয়ার্ডের রোগীদের সাথে কথা দুপুরে বলে তদন্ত দল।

এছাড়া তারা হাসপাতালের স্টাফ নার্স, বিশেষজ্ঞ চিকিৎসক, হাসপাতালের কর্মকর্তা ও নার্সিং কলেজের শিক্ষিকাদের সাথেও কথা বলেন।

পুরনো খবর:

সিলেট নার্সিং কলেজ বন্ধ, হলত্যাগের নির্দেশ