চামড়া শিল্প সাভারে সরানোর নির্দেশ
আগামী ১৫ সালের মধ্যে সাভারে ট্যানারি শিল্প সরিয়ে নেয়ার আবারও নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বৃহস্পতিবার দুপুরে হেমায়েতপুরে হরিণধরা এলাকায় চামড়া শিল্প নগরীর ট্যানানি স্থানান্তর কার্যক্রম পরিদর্শনে গিয়ে মালিকদের প্রতি এ নির্দেশ দেন তিনি।
এর আগেও বিভিন্ন সময় সরকার ট্যানারি শিল্প সাভারে সরিয়ে নেয়ার আহ্বান জানালেও কারখানা মালিকরা তা আমলে নেয়নি।
বৃহস্পতিবার চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার-ইটিপির নির্মাণ কাজ ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন শিল্পমন্ত্রী।
২০১৫ সালের মার্চে এই বর্জ্য পরিশোধনাগারের কাজ শেষ হবে বলে আশা করছেন তিনি।
উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, “ইটিপির কাজ শেষ হওয়ার আগে যদি শিল্প মালিকরা তাদের কারখানা সাভারে স্থানান্তর না করে তাহলে ইটিপি প্লানটি হুমকির মুখে পড়বে।”
এই পরিদর্শনকালে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম, বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের (বিটিএ) চেয়ারম্যান শাহেদ আহমেদ, বাংলাদেশ ফিনিসড লেদার গুডস এসোসিয়েশনের চেয়ারম্যান আবু তাহের উপস্থিত ছিলেন।
