২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আট দিন পর সচল হিলি

ব্যবসায়ীদের আন্দোলনের মুখে আট দিন পর দিনাজপুরের হিলি স্থল বন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2014, 03:52 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

বন্দরের ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করে নেয়ায় বৃহস্পতিবার বেলা ১১ টায় স্বাভাবিক হয় আমদানি-রপ্তানি।

ভারত থেকে আমদানিকৃত পণ্যের ম্যানিফেস্টে বিজিবি দিনক্ষণ দিয়ে সিল দেয়া ও রেজিস্ট্রারে তালিকাভূক্তির বন্ধসহ বিভিন্ন দাবিতে গত ১৪ মে থেকে হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের এ ধর্মঘট ডাকে সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানি-রপ্তানিকারকরা।

হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় সংসদ সদস্য শিবলি সাদিক বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনা হয়েছে বলে তাদের জানিয়েছেন।

বিষয়টি প্রধানমন্ত্রী দেখার আশ্বাস দিয়েছেন বলে সাংসদ ব্যবসায়ীদের জানান।

এর পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি।

হিলি শুল্ক স্টেশনের সহকারী কমিশনার সাকিল খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্দরের কার্যক্রম আবার স্বাভাবিকভাবে চলছে। বেলা ১১টা থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ শুরু করেছে।

তবে বিজিবির নিরাপত্তা তল্লাশি ও আমদানি করা পণ্যের ম্যানিফেস্টে সিল-স্বাক্ষর দেয়ার কাজ অব্যাহত রয়েছে।