লন্ডনের স্থানীয় নির্বাচনে বাঙালি প্রার্থিতায় রেকর্ড
যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস ছাড়াও আরো চারটি বারা কাউন্সিলে বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে নির্বাহী মেয়র নির্বাচন।
এছাড়া লন্ডনের ৩২টি বারা কাউন্সিল ও ইংল্যান্ডের আরও ১৬১টি লোকাল কাউন্সিল অর্থাৎ স্থানীয় কর্তৃপক্ষের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
মেয়র নির্বাচনের বারাগুলো হলো- লুইশাম, হ্যাকনি, নিউহ্যাম, ওয়াটফোর্ড এবং টাওয়ার হ্যামলেটস।
টাওয়ার হ্যামলেটসে ৪৫টি কাউন্সিলার পদে মোট ২০৪ প্রার্থীর মধ্যে ৭৭ জন বাঙালি রয়েছেন, যা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি।
এসব জায়গার মেয়ররা সরাসরি জনসাধারণের ভোটে নির্বাচিত হন। তবে পাঁচটি বারার মধ্যে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের দিকেই রাজনীতিবিদ ও মিডিয়ার দৃষ্টি সবচেয়ে বেশি।
এই বারার বর্তমান মেয়র বাংলাদেশি বংশোদ্ভুত লুৎফুর রহমানের বিরুদ্ধে আর্থিক বরাদ্দ দেয়ায় অনিয়মের অভিযোগ রয়েছে।
সম্প্রতি বিবিসির সমসাময়িক প্রসঙ্গ নিয়ে অনুষ্ঠান প্যানোরমায় বলা হয়, টাওয়ার হ্যামলেটস বারার নির্বাচিত মেয়র কর্মকর্তাদের সুপারিশ নাকচ করে বাংলাদেশি ও সোমালি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোকে অনেক বেশি অনুদান দিয়েছেন, যাতে অন্যান্য সংগঠনকে অনুদান দেয়ার ক্ষেত্রে তহবিল কমে গেছে।
বিবিসির ওই প্রতিবেদনের সূত্র ধরে, গত এপ্রিলের প্রথম সপ্তাহে লুৎফুরের বিরুদ্ধে অভিযোগ তদন্তে পরিদর্শক নিয়োগ করে যুক্তরাজ্য সরকার। আর তার বিরুদ্ধে ‘বিভেদমূলক গোষ্ঠীগত রাজনীতির চর্চা’-র অভিযোগ আনেন স্বয়ং যুক্তরাজ্যের স্থানীয় সরকারমন্ত্রী এরিক পিকলসও।
বিবিসি প্যানোরমায় বলা হয়, টাওয়ার হ্যামলেটস বরোর নির্বাচিত নির্বাহী মেয়র কর্মকর্তাদের সুপারিশ নাকচ করে বাংলাদেশি ও সোমালি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোকে ১৫ লাখের পরিবর্তে ৩৬ লাখ পাউন্ড অনুদান দিয়েছেন। এতে অন্যান্য সংগঠনকে অনুদান দেয়ার ক্ষেত্রে তহবিল কমে গেছে প্রায় ২৫ শতাংশ।
২০১০ সালে লেবার পার্টির প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মেয়র নির্বাচিত হন লুৎফুর । এবার নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন লেবার পার্টির প্রার্থী জন বিগস।
আর অন্য দিকে লুৎফুরের সমর্থকরা এটাকে ‘বাঙালি-অবাঙালির’ লড়াই হিসাবে দেখছেন। কিন্তু ভিন্নমত লেবার পার্টির বাঙালি সমর্থকদের।
তারা মনে করেন, লুৎফুর রহমান স্বতন্ত্র মেয়র হওয়ায় বাঙালিরা মূলধারা থেকে দুরে সরে গেছেন। এটি কমিউনিটি সম্প্রীতির জন্য ক্ষতিকর।
টাওয়ার হ্যামলেটসের নির্বাচন ঘিরে যুক্তরাজ্যের মিডিয়ায় প্রচুর আগ্রহ রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে এই বারায় এখন অন্তত ৮০টি মিডিয়ার প্রতিনিধিরা খবর সংগ্রহে অবস্থান করছেন।
ব্রিটেনের জাতীয় নির্বাচনের পরই স্থানীয় সরকার নির্বাচনকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। অন্যান্য বারায় নির্বাচনের ফলাফল বৃহস্পতিবার প্রকাশিত হলেও টাওয়ার হ্যামলেটসে ভোট গণনা হবে শুক্রবার। দুইদিনই স্থানীয় সময় বিকাল ৪টার দিকে ফল ঘোষণার কথা রয়েছে।
ইংল্যান্ডে স্থানীয় কাউন্সিল নির্বাচনে টাওয়ার হ্যামলেটসসহ লন্ডেনের বিভিন্ন বারায় রেকর্ড সংখ্যক বাঙালি প্রার্থী বিভিন্ন দল থেকে মনোনয়ন পেয়েছেন।
টাওয়ার হ্যামলেটসে ৪৫টি কাউন্সিলার পদে মোট ২০৪ প্রার্থীর মধ্যে ৭৭ জন বাঙালি রয়েছেন।
এদের মধ্যে লেবার পার্টি থেকে ২৪ জন এবং বর্তমান মেয়র লুৎফুরের নতুন দল টাওয়ার হ্যামলেটস ফার্স্ট থেকে ৩৮ জন, কনজারভেটিভ থেকে ৬ জন, লিবারেল ডেমোক্রেট থেকে ৫ জন, পিস পার্টি ও ট্রেড ইউনিয়ন থেকে ১ জন করে এবং স্বতন্ত্র হিসেবে ২ জন বাঙালি কাউন্সিলার পদপ্রার্থী রয়েছেন। এখানকার মোট ১০ জন মেয়র প্রার্থীর মধ্যে ৪ জনই বাঙালি প্রার্থী।
এছাড়া লন্ডনের ক্যামডেন, নিউহাম, ক্রয়ডন, রেডব্রিজ, ওয়েস্টমিন্সটার, ব্রেন্ট, বার্কিং অ্যান্ড ডেগেহন্যাম, হেরিংগেসহ ও অন্যান্য সিটি কাউন্সিলে প্রার্থী হয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক বাঙালি।
এবার টাওয়ার হ্যামলেটসে সব বড় দল থেকেই বাঙালিরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব প্রার্থীদের মধ্যে রয়েছেন অনেক সাবেক কাউন্সিলার। অন্যদিকে কাউন্সিলার পদে নিউহ্যামে ২২ জন, ক্যামডেনে ১১ জন, ওয়েস্টমিনিস্টারে ৯ জন, ক্রয়ডনে ৫ জন, ব্রেন্টে ১০ জন, রেডব্রিজে ১৩, হ্যারোতে ৫ জন, বার্কিং ও ডেগেনহ্যাম থেকে ২৪ জন বাঙালি প্রার্থী রয়েছেন।
যুক্তরাজ্যে সত্তর দশকের মাঝামাঝি প্রথম বাঙালি কাউন্সিলার হিসাবে নির্বাচিত হন ব্রাডফোর্ডের বাসিন্দা বাংলাদেশি মনোয়ার হোসেন।
এদিকে যুক্তরাজ্যে একই দিনে অনুষ্ঠিত হচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন। সারা দেশে জনসাধারণ ভোট দিয়ে ৭৩ জন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য (এমইপি) নির্বাচিত করবেন।
এই নির্বাচনের ফলাফল জানা যাবে আগামী রোববার ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্যান্য দেশের নির্বাচন সম্পন্ন হওয়ার পরে।
