২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে আগুন নেভেনি ২০ ঘণ্টায়ও

সুন্দরবনের পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জে লাগা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে ফায়ার সার্ভিস ও বনকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2014, 01:53 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

ঘটনাস্থল থেকে বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. আরিফুল হক মোবাইল ফোনে জানান, প্রায় সাত-আট একর বনে বিক্ষিপ্তভাবে আগুনের ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উঠছে।

বুধবার বিকালে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী ক্যাম্প সংলগ্ন বনের পয়ষট্টি ছিলা এলাকায় আগুন ধরে।

তবে বন বিভাগ আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি।

আরিফুল হক বলেন, “যেখানেই ধোঁয়ার কুণ্ডুলি উঠছে সেখানেই আমরা পানি দিচ্ছি। লাইন অব ফায়ার কেটে আগুন ছড়িয়ে পড়া ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। মাটির নিচ থেকে আগুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে।”

তবে পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশনের স্টেশন কর্মকর্তা এসএমএ বাকির মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় এক একর বনভূমিতে আগুন লেগেছে। বড় কোন ক্ষয় ক্ষতি ছাড়াই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বনকর্মী ও ফায়ার সার্ভিস কর্মীরা এখন আগুন নেভানোর কাজ করছেন।

এখনও ক্ষয় ক্ষতি নিরূপণের কাজ শুরু হয়নি বলে জানান তিনি।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আমীর হোসাইন চৌধুরী জানান, আগুনে ওই এলাকায় আনুমানিক এক একর বনভূমি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। সুন্দরবন পূর্ব বিভাগের যেসব এলাকায় প্রতি বছর আগুন লাগার ঘটনা ঘটে গুলিশাখালীর ওই এলাকা তার অন্যতম।

বুধবার রাতেই বনকর্মীরা মাটিতে লাইন অব ফায়ার তৈরি করে আগুন নিয়ন্ত্রণে এনেছে জানিয়ে তিনি বলেন, আগুনে ঝোঁপ, লতা ও গুল্ম জাতীয় কিছু গাছ পুড়ে গেছে। আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।”

তিনি বলেন, সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের বনভূমির উত্তর ও উত্তর পূর্বাংশে কিছু নিচু এলাকায় প্রায় প্রতি বছর বসন্তের শেষে এবং গ্রীষ্ম মৌসুমের শুরুতে তীব্র বাতাস ও তাপদাহের সময় আগুন লাগার ঘটনা ঘটে।

“এসব নিচু এলাকায় বর্ষার পানি জমে, শীতকালে শুকিয়ে যায়।সারা বছর গাছের পাতা ঝরে পানিতে পড়ে আধা পচা পাতার স্তর তৈরী হয়। শুকনো মৌসুমে পানি শুকিয়ে গেলে ঝরা পাতার এই স্তরের ভাঁজে মিথেন গ্যাস জমে।”