২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিশ্ব সাংস্কৃতিক বৈচিত্র্য দিবস’ উদযাপিত

সিরাজগঞ্জের তাড়াশে ১২টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অংশগ্রহণে উৎযাপিত হয়েছে ‘বিশ্ব সাংস্কৃতিক বৈচিত্র্য দিবস’।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2014, 12:22 PM

Updated : 25 Apr 2022, 04:13 PM

বুধবার দিবসটিকে সামনে রেখে তাড়াশে এক শোভাযাত্রা এবং সাংস্কৃতিক ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে উন্নয়ন সংস্থা সিএসইউ ট্রাস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এবছর দিবসটির মূল প্রতিপাদ্য বিষয় ছিলো ‘সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষায় একটা কিছু করি’।

আলোচনা অনুষ্ঠানে প্রধান আলোচক সিএসইউ ট্রাস্টের চেয়ারপারসন জহিরুল ইসলাম বলেন, “যে জাতির সাংস্কৃতিক বৈচিত্র্য যতো বেশি, সে জাতি ততো বর্ণময়। বাংলাদেশ সংস্কৃতি-মাতৃক দেশ। আমাদের সমৃদ্ধ সংস্কৃতি ও বৈচিত্র্যের বয়স কয়েক হাজার বছর।

“সমৃদ্ধ এই সাংস্কৃতিক বৈচিত্র্যধারা অব্যাহত রাখা এবং যথাযথভাবে এটি প্রতিপালনের মাধ্যমেই আমাদের প্রকৃত উন্নয়ন সম্ভব।”

আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তাড়াশ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আদিবাসী মাহাতো গোষ্ঠীর নেতা নির্মল মাহাতো, এঞ্জেলা লারকা, উন্নয়ন সংস্থা বিপিএস-এর নির্বাহী পরিচালক করিম বক্স, উন্নয়ন সংস্থা টিএসপি’র নির্বাহী পরিচালক শফিউর রহমান, তাড়াশ উপজেলা মহিলা কর্মকর্তা মাহফুজা বেগম, সমাজকর্মী শ্রী সঞ্জিব কর্মকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগমসহ আরো অনেকে।

২০০২ সালে প্রতিবছর ‘২১ মে’ তারিখে ‘বিশ্ব সংস্কৃতি বৈচিত্র্য দিবস’ হিসাবে পালন করার ঘোষণা দেয় জাতিসংঘ।

বাংলাদেশে এবছরই প্রথমবারের মতো চলনবিল এলাকায় সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিবাসীদের নিয়ে সিএসইউ ট্রাস্ট ও আর্লি কনসার্নসহ স্থানীয় উন্নয়ন সংস্থাগুলোর উদ্যোগে দিনটি পালন করা হল।