২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাকিমের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ

আসামিপক্ষের কাছ থেকে ঘুষ নিয়ে মামলা খারিজ করে দেয়ার অভিযোগ উঠেছে ঢাকার মহানগর হাকিম হারুন অর রশীদের বিরুদ্ধে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2014, 10:29 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

বুধবার খারিজ হয়ে যাওয়া একটি মামলার বাদীর আইনজীবী মাহবুব হাসান রানা বিচারকের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন।

অভিযোগের অনুলিপি বুধবারই ডাকযোগে আইনমন্ত্রী, প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার, ঢাকা মহানগর দায়রা জজ ও ঢাকার মুখ্য মহানগর হাকিমের কাছে পাঠানো হয়েছে।

অভিযোগের একটি কপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে রয়েছে।

অভিযোগে আইনজীবী মাহবুব হাসান উল্লেখ করেন, ঢাকার সিএমএম ২১ নম্বর আদালতে ৩ লাখ টাকা প্রতারণার অভিযোগে দণ্ডবিধির ৪২০/৪০৬ ধারায় ৫৬০/১২ নম্বর নালিশী মামলাটি (কমপ্লেইন্ট কেইস) বিচারাধীন ছিল। মামলা বাদী ন্যাশনাল ফিডের ম্যানেজার মুনসুর আহমেদ খান।

মামলা আসামি হচ্ছেন সাইফুল ইসলাম খান নামে গোপালগঞ্জ সদরের এক পোল্ট্রি ফিড ব্যবসায়ী।

গত ১২ মে বাদী ও আসামির উপস্থিতিতে মামলার অভিযোগ গঠনের শুনানি হলেও ২০ মে পর্যন্ত কোনো আদেশ ও তারিখ দেননি বিচারক।

মাহবুব হাসান অভিযোগ করেন, ওইদিন বিকালে তিনি মামলার আদেশের জন্য আদালতে গেলে আদালতের পেশকার তার কাছে ২০ হাজার টাকা দাবি করেন।

“পেশকার বলেন, “টাকা স্যারকে দিলে তিনি অভিযোগ গঠন গঠন করে দেবেন’।”

আইনজীবী মাহবুব টাকা দিতে অস্বীকার করেন। বুধবার দুপুরে আদালতে গিয়ে মামলা খারিজ হয়ে যাওয়ার কথা জানতে পারেন আইনজীবী মাহবুব হাসান।

তিনি সাংবাদিকদের বলেন, “ম্যাজিস্ট্রেট মামলা খারিজ করতে ১২ মে অভিযোগ গঠনের শুনানির পর গোপনীয়তার সঙ্গে দ্রুত ২১ মে দিন ধা‌র্য করে এদিন বাদীকে অনুপস্থিত দেখিয়ে মামলা খারিজ করে দিয়েছেন।”

মাহবুব অভিযোগ করেন, “বাদীপক্ষের কাছ থেকে ঘুষের টাকা না পেয়ে বিচারক (ম্যাজিস্ট্রেট) হারুন ও আদালতের কর্মচারীরা আসামিপক্ষের কাছ থেকে ঘুষ নিয়ে মামলা খারিজ করে দিয়েছেন।”

লিখিত অভিযোগে তিনি ওই হাকিম ও পেশকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আবেদন করেছেন।