২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় পুলিশের ওপর ‘হামলা’, যুবলীগ নেতা গ্রেপ্তার

সাতক্ষীরা সিটি কলেজে আতঙ্ক সৃষ্টি এবং পুলিশের ওপর হামলার অভিযোগে যুবলীগের সভাপতিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2014, 10:27 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

বুধবার দুপুরের হামলার ঘটনায় জেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নান ও তার চার সহযোগিকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার অন্য চারজন হলেন- আমিনুর রহমান, আব্দুল গফুর, আনিসুর রহমান পাপ্পু ও সাদেকুল আরেফিন। 

সদর থানার ওসি এনামুল হক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হবে।

তিনি আরো জানান, সদ্য বিদায়ী অধ্যাপক আবু আহমেদের পক্ষ নিয়ে কলেজে আধিপত্য বিস্তার করতে বেলা আড়াইটার দিকে আব্দুল মান্নান তার সহযোগীদের নিয়ে শ্রেণিকক্ষে তালা লাগিয়ে দিয়ে ক্যাম্পাসে স্বশস্ত্র মহড়া দেয়।

এ ঘটনায় আতঙ্ক সৃষ্টি হলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলে হামলাকারীরা পুলিশকে মারধর করে একটি কক্ষে আটকে রাখে বলে জানান ওসি।

অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিটি কলেজ এলাকায় লাঠিপেটা করে ও অবরুদ্ধ পুলিশ সদস্যদের মুক্ত করে।

এ সময় পুলিশের ওপর হামলা করতে গিয়ে গ্রেপ্তার হন ওই পাঁচজন।

ওসি এনামুল আরো জানান, আব্দুল মান্নানের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, অস্ত্র রাখা, চাঁদাবাজি ও গরুর খাটাল দখলসহ  এক ডজনেরও বেশি অভিযোগ রয়েছে।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু জানান, গ্রেপ্তার আমিনুর রহমান জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, আব্দুল গফুর যুবলীগ কর্মী ও আনিসুর রহমান পাপ্পু সিটি কলেজ ছাত্র পরিষদের আহ্বায়ক।

তবে সাদেকুল আরেফিনের পরিচয় সম্পর্কে কিছু জানান যায়নি।