ফরিদপুরে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
ফরিদপুরের সদরপুর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
তবে শিক্ষা কর্মকর্তা শেখ হাফিজুর রহমান জানিয়েছেন, শিক্ষকদের অন্যায় দাবি না মেনে নেয়ায় তার বিরুদ্ধে এ অভিযোগ আনা হচ্ছে।
সদরপুর শিক্ষক সমিতির সহ-সভাপতি আবুল কালাম আজাদ জানান, স্লিপ কমিটির (শিক্ষা সামগ্রী কেনার বরাদ্দ) অর্থ থেকে একটি নিদিষ্ট পরিমাণ শিক্ষা অফিসে জমা দিতে হয়।
তিনি আরো বলেন, নতুন সরকারি হওয়া স্কুলগুলোর প্রধান শিক্ষকদের বেতন ছাড়ের জন্যও এক হাজার টাকা করে শিক্ষা অফিসে দিতে হয়েছে।
“একজন শিক্ষক হিসেবে বিষয়গুলো মেনে নেয়া যায় না,” বলেন আবুল কালাম।
শিক্ষকরা জানান, সম্প্রতি সদরপুরে ৫৬টি রেজিস্টার্ড বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেক শিক্ষক অভিযোগ করেন, বেতনের বিল স্বাক্ষর করতে প্রধান শিক্ষকদের কাছ থেকে এক হাজার টাকা করে নিয়েছেন ওই কর্মকর্তা।
স্থানীয় রাজারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ জানান, স্লিপ কমিটির বরাদ্দ থেকে দুই হাজার টাকা শিক্ষা অফিসে জমা দিতে বলা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানিয়েছেন, প্রতিটি প্রতিষ্ঠান থেকে শিক্ষা কর্মকতা এ বরাদ্দ থেকে ২ থেকে ৩ হাজার টাকা করে ঘুষ নিয়েছেন।
এ বিষয়ে সদরপুরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ হাফিজুর রহমান তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালনা পরিষদের সভাপতি শিক্ষা সামগ্রী কেনার টাকা ব্যয় করেন।
এর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নাই বলে দাবি করেন তিনি।
তিনি আরো বলেন, অনেকেই অনেক দাবি নিয়ে আসে, সে সব পূরণ করতে না পারায় তার বিরুদ্ধে এসব অভিযোগ আনা হচ্ছে।
