চট্টগ্রামে অর্থ আত্মসাতের মামলায় কারাগারে কোরীয় নাগরিক
অর্থ আত্মসাতের অভিযোগে স্বদেশীর এক মামলায় দক্ষিণ কোরিয়ান এক নাগরিককে কারাগারে পাঠিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
বুধবার চট্টগ্রামের বিচারিক হাকিম আহমদ সাঈদ চিয়ং দুং কিমকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার আসামি চিয়ংয়ের স্বদেশী জুন থিই কিমকে আদালত জামিন দিয়েছে।
এছাড়া দো কিউন কিম ও সি অং থিন কিম একই দেশের দুই আসামি পলাতক রয়েছেন।
তিন লাখ ডলার আত্মসাতের অভিযোগে গত ৩০ এপ্রিল ক্যাম্প ভ্যালি হংকং নামে একটি প্রতিষ্ঠানের পরিচালক চৈ খং জিন এ মামলা করেন।
বাদির আইনজীবী অনুপম চক্রবর্তী বলেন, চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার নূরানী এক্সিম লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের শেয়ার কিনতে চট্টগ্রামে বসবাসরত চার দক্ষিণ কোরিয়ান নাগরিককে তিন লাখ ডলার পাঠান চৈ খং জিন।
“কিন্তু আসামিরা চৈ এর প্রতিষ্ঠানের নামে শেয়ার না কিনে নিজেদের নামে কেনেন।”
আসামিদের মধ্যে দুই জন আত্মসর্মপন করলে আদালত একজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন, বলেন আইনজীবী অনুপম।
