সভ্যতার অগ্রগতি এত দ্রুত আগে কখনো হয়নি: মুহিত
মোবাইল অ্যাপসকে ‘বর্তমান সভ্যতার প্রগতি’ বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বুধবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিনি বলেন, সভ্যতার অগ্রগতি এত দ্রুত আগে কখনো হয়নি।
মোবাইল অ্যাপসের ক্রমবিকাশ এইভাবে চলতে থাকলে হয়ত একটা সময় আসবে যখন কম্পিউটার ব্যবহার একেবারে সীমিত হয়ে যাবে।
সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সিলেট বিভাগীয় ‘মোবাইল অ্যাপ্লিকেশন বুট ক্যাম্প’ উদ্বোধন করেন অর্থমন্ত্রী।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এই ক্যাম্পের আয়োজন করে।
মোবাইল অ্যাপসকে একটি বড় আবিষ্কার উল্লেখ করে মুহিত বলেন, এক্ষেত্রে উদ্যোগ একটি বড় বিষয়। মানুষের বুদ্ধির বিকাশের সাথে সাথে প্রযুক্তির বিকাশ ঘটছে, ঘটছে সভ্যতার অগ্রগতি।
১৬ কোটি মানুষের দেশের ১০ কোটি গ্রাহক মোবাইল ফোন ব্যবহার করছে উল্লেখ করে তিনি বলেন, মোবাইল অ্যাপস যারা তৈরি করছে তাদের সংখ্যা বেশি নয়। তাই অর্থনৈতিকভাবে লাভবান হতে তরুণ প্রজন্মকে এই খাতের সঙ্গে যুক্ত হতে আহ্বান জানান তিনি।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক একে আজাদ চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া প্রমুখ।
ন্যাশনাল মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অ্যাওয়ারনেস অ্যান্ড ক্যাপাসিটি প্রোগ্রামের প্রকল্প পরিচালক মো. আবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সাতটি বিভাগে মোবাইল অ্যাপসের বুট ক্যাম্পের সিদ্ধান্ত নিয়েছে।
এরই মধ্যে ঢাকা ও খুলনা বিভাগে ক্যাম্প শেষ হয়েছে।
দিনব্যাপী এই ক্যাম্পে সিলেট বিভাগের চারটি জেলার ৭৫৫ জন অংশ গ্রহণ করছেন।
