২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারঘণ্টা পর উত্তর-দক্ষিণের সঙ্গে ট্রেন চলাচল শুরু

গাজীপুরের মৌচাকে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার সোয়া চারঘণ্টা পর উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল শুরু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2014, 03:42 PM

Updated : 25 Apr 2022, 04:12 PM

বাংলাদেশ রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, উদ্ধার কাজ শেষ হওয়ার পর বুধবার বেলা সাড়ে ৩টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

বেলা সোয়া ১১টার দিকে মৌচাক রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালে রংপুর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জয়দেবপুর রেলওয়ে জংশনের মাস্টার মো. জিয়া উদ্দিন সরদার জানান, মৌচাক রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি পৌঁছলে রেল পথের ইকোয়ালাইজিং রিং ভেঙে যায়। পরে ট্রেনটি স্টেশনের দিকে নিতে গিয়ে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে কাত হয়ে পড়ে।

তিনি বলেন, এতে গাজীপুর-রাজশাহী-দিনাজপুর-রংপুর রুটে উত্তর বঙ্গগামী সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকারী ট্রেনের জন্য ঢাকায় খবর জানানো হয়েছে।

খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে উদ্ধারকারী ট্রেন পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

দুর্ঘটনার কারণে মৌচাক স্টেশনে নীলফামরীগামী নীলসাগর এক্সপ্রেস, মির্জাপুর স্টেশনে ঢাকাগামী সিল্কসিটি ও টাঙ্গাইল স্টেশনে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে।