প্রসিকিউশন থেকে এম কে রহমানের পদত্যাগ
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ থেকে বাদ পড়ার পর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের সমন্বয়কারীর দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন এম কে রহমান।
মঙ্গলবার বিকালে একজন বার্তা বাহকের মাধ্যমে আইন মন্ত্রণালয়ে এই পদত্যাগপত্র পাঠান বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
এম কে রহমান বলেন, “পদত্যাগপত্রে আমি কোনো কারণ উল্লেখ করিনি, কেবল পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।”
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ থেকে অব্যাহতি পাওয়ায় এম কে রহমানের প্রসিকিউশনের সমন্বয়কের পদ এমনিতেই থাকছে না বলে মত এসেছিল।
তবে এম কে রহমান বলেন, তাকে প্রসিকিউশনের সমন্বয়কের দায়িত্ব দিয়ে যেহেতু প্রজ্ঞাপন হয়েছিল। তাই তিনি পদত্যাগ করেছেন।
পরবর্তী পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, “আমি তো বারের আইনজীবী, এখন সেখানেই ফিরে যাচ্ছি।”
এক সপ্তাহ আগে গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের অনুপস্থিতিতে এই দপ্তরের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছিল।
এরপর কোনো কারণ উল্লেখ না করে সোমবার আইন মন্ত্রণালয় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ থেকে এম কে রহমানের (মোহাম্মদ খলিলুর রহমান) অব্যাহতির প্রজ্ঞাপন প্রকাশ করে।
এম কে রহমানকে গত বছরের ৩০ জানুয়ারি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়েছিল।
আওয়ামী লীগ গত মেয়াদে সরকার গঠনের পর ২০০৯ সালের মার্চে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পান এই আইনজীবী।
